সম্ভাব্য প্রার্থীদের প্রভাবাধীন স্থানে ভোটকেন্দ্র করা যাবে না
জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের প্রভাবাধীন স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা যাবে না—এই নিয়ম রেখে ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুমোদন করেছে নির্বাচন কমিশন।
গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে জেলা নির্বাচন কর্মকর্তাদের কাছে চিঠি পাঠানো হয়েছে। নির্দেশনায় চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা আগামী ৩০ অক্টোবরের মধ্যে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে বলা হয়েছে। নির্বাচন কমিশনের কর্মপরিকল্পনা অনুযায়ী, গত আগস্টের মধ্যে এই নির্দেশনা পাঠানোর কথা ছিল।
নির্দেশনায় বলা হয়েছে, ২২ সেপ্টেম্বরের মধ্যে সম্ভাব্য ভোটকেন্দ্রের তালিকা প্রস্তুত করতে হবে। এই তালিকা প্রদর্শন করা হবে ২৩ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রস্তাবিত ভোটকেন্দ্র সম্পর্কে কারও কোনো আপত্তি থাকলে তা ৬ অক্টোবরের মধ্যে জানাতে হবে। আপত্তি নিষ্পত্তি করা হবে ২৪ অক্টোবরের মধ্যে।
এ-সংক্রান্ত নীতিমালায় বলা হয়েছে, প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত না হলে আগের ভোটকেন্দ্র বহাল রাখতে হবে। কোনো প্রার্থীর প্রভাবাধীন স্থানে ভোটকেন্দ্র স্থাপন করা যাবে না। কোনো ব্যক্তির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বা নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাবনা আছে—এমন ব্যক্তির নামে স্থাপিত প্রতিষ্ঠানে ভোটকেন্দ্র স্থাপন করা যাবে না। ভোটার সংখ্যা বৃদ্ধির কারণে নতুন ভোটকেন্দ্র স্থাপনের প্রয়োজন হলে এ বিষয়ে স্থানীয়ভাবে রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সঙ্গে পরামর্শের নির্দেশনা দেওয়া হয়েছে। গড়ে দুই হাজার ৫০০ ভোটারের জন্য একটি কেন্দ্র এবং ৬০০ পুরুষ ও ৫০০ নারী ভোটারের জন্য একটি করে বুথ বা ভোটকক্ষ স্থাপন করতে হবে। ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যাতায়াত-সুবিধাকে প্রাধান্য দিতে হবে।
বর্তমানে দেশের ভোটার সংখ্যা নয় কোটি ১৯ লাখ ৪৩ হাজার ৫৮৩ জন। এর মধ্যে পুরুষ চার কোটি ৬১ লাখ আট হাজার ৮১৪ এবং নারী চার কোটি ৫৮ লাখ ৩৪ হাজার ৭৬৯ জন।
কমিশন সচিবালয়ের উপসচিব মিহির সারোয়ার মোর্শেদ জানান, নীতিমালা ও ভোটার সংখ্যার হিসাব অনুযায়ী এবার সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা হবে ৩৬ হাজারের বেশি এবং ভোটকক্ষের সংখ্যা এক লাখ ৮০ হাজারের মতো হবে।