চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আটটি সাংগঠনিক থানা কমিটির নেতারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের বাছাই করবেন বলে সিদ্ধান্ত হয়েছে।
গতকাল বুধবার দক্ষিণ জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় এই সিদ্ধান্ত হয়।
নগরের আন্দরকিল্লা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহম্মদ। ২০ সেপ্টেম্বর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা তৃণমূল আওয়ামী লীগের নেতারা মতবিনিময় করবেন। ওই সময় ছয় আসনের সম্ভাব্য প্রার্থীদের নামের তালিকা পেশ করা হবে। এর আগে ১৪ সেপ্টেম্বর নগরের মুসলিম হলে কর্মী সমাবেশ করার সিদ্ধান্ত হয়।
দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘দক্ষিণ চট্টগ্রামে ছয়টি সংসদীয় আসনে ১৮ জনের নামের তালিকা তৃণমূল নেতারা ঠিক করবেন। ওই তালিকা আমরা ২০ সেপ্টেম্বর গণভবনে অনুষ্ঠেয় মতবিনিময় সভায় প্রধানমন্ত্রীর হাতে তুলে দেব।’