সম্ভাব্য প্রার্থীদের বিলবোর্ড ব্যানার পোস্টার সরেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সম্ভাব্য প্রার্থীদের পক্ষে বিলবোর্ডে প্রচারণা। তফসিল ঘোষণার পরও এসব বিলবোর্ড থেকে প্রচারণার ব্যানার সরানো হয়নি। গতকাল দুপুরে চৌমুহনীর পশ্চিম বাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
সম্ভাব্য প্রার্থীদের পক্ষে বিলবোর্ডে প্রচারণা। তফসিল ঘোষণার পরও এসব বিলবোর্ড থেকে প্রচারণার ব্যানার সরানো হয়নি। গতকাল দুপুরে চৌমুহনীর পশ্চিম বাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

তফসিল ঘোষণার পরও নোয়াখালীর চৌমুহনী পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থীদের পক্ষে টাঙানো বিলবোর্ড ও রঙিন পোস্টার সরেনি। আগাম প্রচারণার জন্য শহরের প্রধান সড়কে বিভিন্ন বিলবোর্ড গতকাল বৃহস্পতিবার দুপুরেও অপসারণ করা হয়নি। সম্ভাব্য প্রার্থীদের পক্ষে শুভেচ্ছা জানিয়ে টাঙানো ব্যানার এবং ভোট চেয়ে শহরের বিভিন্ন এলাকার দেয়ালে সাঁটানো পোস্টারও রয়ে গেছে।
গতকাল সরেজমিন চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, মেয়র পদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে সাংসদ মামুনুর রশিদ কিরণের বড় ভাই খালেদ সাইফুল্লা, বর্তমান মেয়র আক্তার হোসেন ওরফে ফয়সল, আজিজুল বাসার ওরফে স্বপন ও মো. আবু বকর ছিদ্দিক ওরফে টিপুসহ বিভিন্ন ব্যক্তির পক্ষে টাঙানো ডিজিটাল ব্যানার সরানো হয়নি।
বর্তমান পৌর মেয়র আক্তার হোসেন গতকাল সন্ধ্যায় মুঠোফোনে বলেন, তিনি একটি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন। তাই তাঁর পক্ষে লাগানো ডিজিটাল ব্যানারগুলো সরিয়ে নিতে পারেননি। এলাকায় তাঁর লোকদের ব্যানারগুলো সরিয়ে নিতে বলেছেন তিনি।
সম্ভাব্য প্রার্থীদের পক্ষে ঈদের সময় বিভিন্ন স্থানে লাগানো রঙিন পোস্টারও রয়ে গেছে। ডিজিটাল ব্যানার ও রঙিন পোস্টারে পৌর আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগসহ বিভিন্ন সংগঠনের নাম এবং ‘পৌরবাসীকে’ ব্যবহার করা হয়েছে।
জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, চৌমুহনী পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের পক্ষে লাগানো ডিজিটাল ব্যানার ও পোস্টার অপসারণে আজ শুক্রবার অভিযান চালানো হবে।