
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থিতা চূড়ান্ত হওয়ার আগেই বিধি লঙ্ঘন করে টাঙানো পোস্টার-ব্যানার অপসারণের কাজ শুরু হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে যৌথভাবে এ কার্যক্রম চালাচ্ছে চট্টগ্রাম সিটি করপোরেশন ও নগর পুলিশ।
গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে আন্দরকিল্লা মোড়ে পোস্টার ও ব্যানার অপসারণ করার সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী ও সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান।
সহকারী রিটার্নিং অফিসার শফিকুর রহমান জানান, নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া সময়সূচি অনুযায়ী শুক্রবার রাত ১২টার মধ্যে প্রচারণার জন্য টাঙানো ব্যানার-পোস্টার অপসারণ করতে হবে। এর মধ্যে কেউ যদি অপসারণ না করে তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী জানান, নির্বাচনী প্রচারণার পোস্টার-ব্যানার অপসারণের জন্য করপোরেশনের পক্ষ থেকে সাতটি দল গঠন করা হয়েছে। শুক্রবার রাতের মধ্যে এই কার্যক্রম শেষ হবে।
সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন জানান, নির্বাচনী প্রচারণার জন্য টাঙানো সব ধরনের ব্যানার-পোস্টার সরিয়ে নিতে গত বৃহস্পতিবার বিকেলে নির্বাচন কমিশন থেকে চিঠি দেওয়া হয়। চিঠি পাওয়ার পরে ওই দিন রাত থেকে করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগের লোকজন কাজ শুরু করেছেন।