সম্ভাব্য প্রার্থীর জনসেবা!
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাঁকড়াজান ইউনিয়ন পরিষদে (ইউপি) একজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ভোটের আগে এলাকার রাস্তাঘাট সংস্কারসহ গরিব ও দুস্থ ব্যক্তিদের মাঝে চাল বিতরণ কর্মসূচি হাতে নিয়েছেন। ওই ব্যক্তির নাম তারিকুল ইসলাম।
গতকাল সোমবার ইউনিয়নের তৈলধারা বাজারে তারিকুল ইসলামের সই করা কার্ডধারী দুই হাজার গরিব ও দুস্থ ব্যক্তিকে স্থানীয় সাংসদ অনুপম শাহজাহান ১০ কেজি করে চাল দেন। এর আগে গত ২৬ নভেম্বরও তারিকুল ১ হাজার ২০০ জনের মাঝে চাল বিতরণ করেন। ওই অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত শিকদার প্রধান অতিথি ছিলেন।
সাংসদ অনুপম শাহজাহান বলেন, ‘তারিকুল এলাকার উন্নয়নে কাজ করছেন। আমি তাঁর মহৎ কাজকে স্বাগত জানাতে ওই অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে আমার উপস্থিতির সঙ্গে নির্বাচনের সম্পর্ক নেই।’
স্থানীয় সূত্র জানায়, ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ২৮ মে পঞ্চম ধাপে কাঁকড়াজানসহ ৭১৪টি ইউনিয়নে নির্বাচন হবে। ভোটে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেতে দলটির নেতাদের সঙ্গে তারিকুল সুসম্পর্ক বজায় রাখছেন ।
গতকালের অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া ও নজরুল ইসলাম খান, কাঁকড়াজান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক, উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফ সরকারসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের অর্ধশত নেতা ছিলেন।
তারিকুল ইসলাম বলেন, ‘২৫টি গ্রামে দলীয় নেতাদের দিয়ে শুধু দানের উদ্দেশ্যে গরিব মানুষের তালিকা করে তাঁদের নামে দুই হাজার কার্ড ইস্যু করা হয়েছে। আমার উদ্যোগে তিন-চারটি সড়কে প্রায় ২০ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করে কাঁকর বিছানো হয়েছে।’
আওয়ামী লীগের স্থানীয় সূত্র জানায়, কাঁকড়াজান ইউনিয়নে চেয়ারম্যান পদে দলটি থেকে মনোনয়ন পেতে পাঁচ-ছয়জন নেতা এলাকায় গণসংযোগ করছেন।
উপজেলা আওয়ামী লীগের কয়েকজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, তারিকুল আওয়ামী লীগের সমর্থক হলেও কমিটিতে নেই। তিনি উপজেলার নতুন কমিটিতে নাম ঢোকানো ও চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে তদবির করছেন। অনেক টাকা থাকায় দলের বড় নেতারাই তাঁর পেছনে ঘুরছেন।