উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই রাজশাহীর বাগমারার সম্ভাব্য প্রার্থীরা গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু করেছেন। আওয়ামী লীগ ও বিএনপির একাধিক প্রার্থী প্রচারণা শুরু করলেও জাতীয় পার্টি এবং জামায়াতের কেউ প্রচারণায় নেই। তবে জামায়াত গোপনে তাদের প্রার্থী ঠিক করে রেখেছে।
জানা গেছে, নির্বাচন কমিশন ১৯ জানুয়ারি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর পর থেকে আওয়ামী লীগ ও বিএনপির স্থানীয় নেতারা উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দলের সমর্থন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁরা প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করে স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছেন ও এলাকায় পোস্টার ঝুলিয়েছেন। অনেকে এলাকায় গণসংযোগ শুরু করেছেন। তবে বাগমারা উপজেলার ভোট গ্রহণের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীর তালিকায় আওয়ামী লীগের রাজশাহী জেলা কমিটির সহসভাপতি অনিল সরকার, বাগমারা উপজেলা কমিটির সহসভাপতি ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম ওরফে সান্টু ও সাবেক সভাপতি আব্দুস সোবহান চৌধুরী আছেন। অপর দিকে ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করার আভাস দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি মকলেছুর রহমান, সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান, সহসভাপতি রফিকুল ইসলাম ও যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন। তাঁরা উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে গণসংযোগ শুরু করেছেন।
জাতীয় পার্টি ও জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা মাঠে নেই। তবে জামায়াত তাঁদের প্রার্থী ঠিক করে রেখেছে। বিএনপির সিদ্ধান্তের ওপর নির্ভর করে তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে উপজেলা জামায়াতের সেক্রেটারি ওহিদুল ইসলাম জানিয়েছেন। তাঁরা দলীয় প্রার্থী হিসেবে জেলা শুরা পরিষদের সদস্য মাওলানা শামসুল ইসলামকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইয়াছিন আলী জানান, তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রচারণা শুরু করেছেন। দলের হয়ে নির্বাচন করবেন। একই দলের আব্দুস সোবহান চৌধুরী জানান, গত নির্বাচনে মনোনয়ন দাখিল করেও দলের সিদ্ধান্তের কারণে তিনি বসে পড়েছিলেন। এবার দলের প্রার্থী হয়ে নির্বাচন করবেন।
যুবদল নেতা কামাল হোসেন জানান, নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই তিনি প্রচারণা শুরু করেছেন। বিএনপি নির্বাচনে অংশ নিলে তিনি প্রার্থী হবেন। বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা জিয়াউর রহমান বলেন, ‘এর আগে ঝুঁকি নিয়ে নির্বাচন করেছি। এবারও দলের প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচারণা অব্যাহত রেখেছি।’
আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থী অনিল কুমার সরকার, জাকিরুল ইসলাম ও বিএনপির রফিকুল ইসলাম প্রচারণা চালানোর কথা স্বীকার করে জানান, যোগ্যতা বিবেচনা করে দল ও এলাকার মানুষ তাঁদের সমর্থন দেবেন। জামায়াতের প্রার্থী দেওয়ার প্রসঙ্গে বিএনপির সম্ভাব্য প্রার্থীরা জানান, এ ব্যাপারে তাঁরা কিছুই জানেন না।