সম্ভাব্য বিরোধীদলীয় নেতাও 'আটক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া ‘কার্যত গৃহবন্দী’ আছেন আট দিন ধরে। আর দশম সংসদের সম্ভাব্য বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ২৩ দিন ধরে ‘আটক’ আছেন ঢাকা সেনানিবাসে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।
খালেদা ও এরশাদ—দুই নেতার ওপর সরকারি সংস্থাগুলোর কড়া নজরদারি রয়েছে। এর মধ্যে বর্তমান বিরোধীদলীয় নেতা নির্বাচন প্রতিহত করার এবং সরকারের ছক অনুযায়ী আগামী সংসদের সম্ভাব্য বিরোধীদলীয় নেতা এরশাদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।
জাপার নেতাদের একাংশের অভিযোগ হলো, নির্বাচন বর্জনের সিদ্ধান্তে অটল থাকায় সরকার চিকিৎসার নামে এরশাদকে হাসপাতালে আটকে রেখেছে। প্রথম কয়েক দিন জাপার নেতাদের কেউ কেউ হাসপাতালে এরশাদের সঙ্গে দেখা করার সুযোগ পেতেন। এখন বেশ কড়াকড়ি আরোপ করা হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নির্বাচনের পর শপথ গ্রহণ করতে রাজি হলে এরশাদ ‘আটক’ অবস্থা থেকে মুক্তি পেতে পারেন। অন্যথায় তাঁকে বিদেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে।
অবশ্য এরশাদের নির্বাচন বর্জনের ঘোষণার পর বিরোধী দলের নেতা হওয়ার স্বপ্ন দেখছে নতুন রাজনৈতিক দল বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনএফ)। তবে গতকাল শনিবার রাতে দলটির প্রধান সমন্বয়কারী আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০ জন নির্বাচিত হয়ে যাওয়ায় রওশন এরশাদের নেতৃত্বে জাপা বিরোধী দলের আসনে বসার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কিন্তু তারা সরকারে থাকবে, নাকি বিরোধী দলে থাকবে—সেটা এখনো পরিষ্কার নয়।
সরকার ও জাপার দায়িত্বশীল একাধিক সূত্র জানায়, বিএনপিকে নির্বাচনের বাইরে রেখে সরকার অনেক আগেই একতরফাভাবে নির্বাচন করার ছক কষেছে। এরশাদকে ‘গৃহপালিত’ বিরোধীদলীয় নেতা করার পরিকল্পনা নিয়েই ছক ধরে এগিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। কিন্তু শেষ মুহূর্তে এরশাদ বিগড়ে বসায় সরকার কিছুটা বেকায়দায় পড়ে। অবশ্য, পরে এরশাদকে চিকিৎসার নামে আটকে রেখে তাঁর স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে জাপার একাংশকে নির্বাচনে ধরে রেখেছে সরকার। এরই মধ্যে গোপন সমঝোতার মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করিয়ে রওশন এরশাদসহ দলটির ২০ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতানো হয়েছে। আরও দলের ৬৬ জন প্রার্থীর মনোনয়ন বহাল আছে। তবে, তাঁদের মধ্যে এরশাদ, দলের সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ কেউ কেউ নির্বাচনী কোনো তৎপরতায় নেই। তাঁরা নির্দিষ্ট সময়ের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদনপত্র জমা দিলেও তা গৃহীত হয়নি। এ অবস্থায় জাপা থেকে আরও ১০-১৫ জনকে নির্বাচিত করে আনা হতে পারে।
অবশ্য গতকাল রাজধানীর কমলাপুরে জাপার মতিঝিল থানা শাখার এক যৌথ সভায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য আহসান হাবিব (লিংকন) বলেছেন, একতরফা এ নির্বাচন দেশে সংঘাত বাড়াবে। কারণ, এ নির্বাচন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনকেও হার মানিয়েছে। এরশাদের নির্বাচন বর্জনের সিদ্ধান্ত সঠিক ছিল।
এরশাদ গত ৩ ডিসেম্বর আকস্মিক নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পরদিন জাপার প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার করার নির্দেশ দেন। এরপর ১২ ডিসেম্বর জাপার দলীয় প্রতীক লাঙ্গল কাউকে বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিলে ওই রাতেই তাঁকে বাসা থেকে তুলে নিয়ে সিএমএইচে ভর্তি করায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
এর পরদিন এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজের মাধ্যমে জানানো হয়েছিল, এরশাদের অবর্তমানে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদের ও মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারকে জাপার সিদ্ধান্ত জানাবেন। এ দুই নেতা এখন নানামুখী চাপে পড়ে গণমাধ্যমকে এড়িয়ে চলছেন। আর, ববি হাজ্জাজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাপে পড়ে গত ১৭ ডিসেম্বর দেশ ত্যাগ করেন। এর আগে ১৩ ডিসেম্বর এরশাদকে উদ্ধৃত করে ববি হাজ্জাজ বলেছিলেন, এরশাদ অসুস্থ নন, তাঁকে গ্রেপ্তার করার জন্য জোর করে সিএমএইচে আটকে রাখা হয়েছে।
এদিকে গতকাল সকালে যুক্তরাজ্য থেকে পাঠানো এক ভিডিও বার্তায় ববি হাজ্জাজ জাপার চেয়ারম্যান এরশাদের পক্ষ থেকে ৫ জানুয়ারির ‘প্রহসনের’ নির্বাচন বয়কট করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘যাঁরা দেশকে ভালোবাসেন, গণতন্ত্রকে ভালোবাসেন, তাঁরা এই নির্বাচনে যেতে পারেন না। যে নির্বাচনে গণতন্ত্রকে খুন করা হচ্ছে, সেই নির্বাচনে আপনারা অংশ নেবেন না।’