কুমিল্লা সিটি করপোরেশনের সম্ভাব্য ছয়জন মেয়র পদপ্রার্থী ও তাঁদের অনুসারীরা নির্বাচনী প্রচারণায় নেমেছেন। গতকাল বৃহস্পতিবার নগরজুড়ে ছিল তাদের মিছিল, গণসংযোগ, মাইকিং, বই ও লিফলেট বিতরণ কার্যক্রম।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ও ছাত্রলীগের সাবেক নেতা নূর-উর রহমান মাহমুদ নগরের দারোগাবাড়ী এলাকা থেকে নির্বাচনী প্রচারণায় নামেন। একই দিন দারোগাবাড়ী মাজার জিয়ারত করে নির্বাচনী প্রচারণায় নামেন কেন্দ্রীয় কৃষক লীগের সহসভাপতি ওমর ফারুক।এদিকে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান গতকাল সকাল ১০টায় নগরের কান্দিরপাড়, বাদুরতলা, ঝাউতলা, ধর্মসাগরপাড়, আদালতপাড়া ও নিউমার্কেটে গণসংযোগ করেন।এ ছাড়া কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক আফজল খানের পক্ষে তাঁর মেজো ছেলে আজম খান নোমান প্রচারণায় নামেন। কুমিল্লা পৌরসভার সদ্য বিদায়ী মেয়র ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক গত বুধবার রাতে নগরের বাদুরতলা, ধর্মসাগরপাড় ও কান্দিরপাড়ে গণসংযোগ করেন।জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার আহমেদ নগরের ইসলামপুর এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার মেয়র পদে আওয়ামী লীগের হয়ে চারজন, বিএনপির একজন এবং জাতীয় পার্টির একজন প্রচারণা চালিয়েছেন।