সম্ভ্রমহানির বিচার না পেয়ে গৃহবধূর আত্মহত্যা!
সম্ভ্রমহানির বিচার না পেয়ে রাবেয়া খাতুন (১৮) নামের এক গৃহবধূ গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার নড়াইলের নড়াগাতি থানার জয়পুর ইউনিয়নের গাছবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই গৃহবধূর দুই মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াগাতি গ্রামের ইব্রাহিম মোল্লার মেয়ে রাবেয়া খাতুনের সঙ্গে পাশের গাছবাড়িয়া গ্রামের এনায়েত হোসেনের দেড় বছর আগে বিয়ে হয়। এনায়েত হোসেন ঢাকায় দিনমজুরের কাজ করেন। গত বুধবার গভীর রাতে একই গ্রামের খোকন খাঁর ছেলে ইকরাম খাঁ (২৬) বেড়া কেটে ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। তাঁর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে ইকরাম ঘর থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে বাড়ির পাশের খালের পানিতে পড়ে যান। এ সময় এলাকার মানুষ তাঁকে চিনে ফেলে। পরে এ ব্যাপারে স্থানীয় মাতব্বর ও ইউপি সদস্যের কাছে বিচার দেওয়া হয়। জয়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আরজু খাঁ দুই দিন টালবাহানার পর শুক্রবার বিকেলে সালিস বসান। সালিসে ইকরাম দুঃখ প্রকাশ করেন। এতেই সন্তুষ্টি নিয়ে সালিস শেষ হয়। এরপর রাতে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন রাবেয়া। পুলিশ শনিবার ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালে পাঠায়। ইউপি সদস্য আরজু খাঁ বলেন, ‘শুক্রবারের বৈঠকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে উভয় পক্ষ একমত হয় এবং সবাই বাড়ি ফিরে যায়। কিন্তু রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আমি ইকরামকে গ্রেপ্তারের দাবি জানাই।’ গৃহবধূর ভাশুর ইমরান হোসেন অভিযোগ করেন, ‘গরিব বলে মাতব্বরেরা ওই রায় মেনে নিতে বাধ্য করেন। কিন্তু বউ অপমানের এই বিচার মানতে পারেনি। ইকরামের কারণে রাবেয়া আত্মহত্যা করেছে। আমি ইকরামের বিচার চাই।’ নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার চলতি দায়িত্বে থাকা উপপরিদর্শক ফারুক হোসেন বলেন, প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হওয়ায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তদন্তে অন্য কোনো বিষয় এলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।