সম্মান ও অস্তিত্বের লড়াই
দশম জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা-নালিতবাড়ী) আসন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এখানে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন নির্বাচনকালীন সরকারের কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মতিয়া চৌধুরী (নৌকা)। তাঁর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্র প্রার্থী কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি বদিউজ্জামান বাদশা (আনারস)। এ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মনে করছেন অনেক ভোটার। তাঁরা এই আসনের নির্বাচনকে সম্মান ও অস্তিত্বের লড়াই হিসেবে দেখছেন।
নির্বাচন কার্যালয় ও দলীয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার তিন লাখ চার হাজার ১১৭ জন। ১৯৯১ সালে নকলার পুত্রবধূ হিসেবে মতিয়া চৌধুরী এ আসনে মনোনয়ন নিয়ে নির্বাচিত হন। ১৯৯৬ ও ২০০৮ সালের নির্বাচনেও তিনি জয়ী হন। ওই দুই মেয়াদে তিনি কৃষিমন্ত্রী ছাড়াও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। অপরদিকে, বদিউজ্জামান ২০০৮ সালে তৃণমূলের সমর্থনে দলের পক্ষ থেকে প্রার্থী হয়ে নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাংলাদেশ উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের মহাসচিবের দায়িত্ব পালন করেন। এ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আওয়ামী লীগের একাংশের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন।
দুই উপজেলার বেশ কয়েকজন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই উপজেলায় দীর্ঘ দিন ধরে আওয়ামী লীগের সমেঞ্চলন না করা ও ক্ষমতার পাঁচ বছরে দলের হাতেগোনা কিছু নেতাকে নিয়ে মতিয়া চৌধুরী এলাকায় কর্মকাণ্ড পরিচালনা করায় নেতা-কর্মীর মধ্যে তাঁর বিরুদ্ধে ক্ষোভের সৃষ্টি হয়। এই সুযোগ কাজে লাগিয়ে দলের হয়ে বদিউজ্জামান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার ভোটে ভাগ বসিয়েছেন। অনেকে মনে করেন, নকলায় নৌকার বিজয় হলেও নালিতাবাড়ীতে আনারসের পাল্লা ভারী। তবে বিএনপি সমর্থকদের ভোট নৌকার বিপরীতে পড়বে।
নকলা পৌর শহরের মুদি দোকানি মো. আফসার উদ্দিন (৫৬) বলেন, ‘মতিয়া চৌধুরীকে ভোট দিলে সরকারের মুন্ত্রী অয়। এলাকায় মেলা কামও হয় । তাই এলাকাবাসী তাঁরেই আবার নির্বাচিত করবো।’ নালিতাবাড়ীর শিমুলতলা গ্রামের গৃহিণী রমিছন নেছা (৫২) বলেন, ‘মতিয়া আফারে চাইর বার ভোট দিছি। এই বার এলাকার পোলা বাদশা খাড়াইছে। যোগ্য পোলা হিসেবে এইবার লোকজন তাঁরেই ভোট দিবো।’
এলাকার অনেকে মনে করেন, মতিয়া চৌধুরী সরকারের প্রভাবশালী মন্ত্রী। তিনি স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে ভোটে হেরে গেলে তাঁর সমঞ্চান ক্ষুণ্ন হবে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী বদিউজ্জামান চেয়ারম্যান পদ ছেড়ে নির্বাচনে নেমেছেন। তিনি পরাজিত হলে রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়বে।
বদিউজ্জামানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব সরকার গোলাম ফারুক বলেন, ‘এ পর্যন্ত আনারসের সভা, মিছিল, সমাবেশে প্রমাণিত হয়েছে এলাকার মানুষ কাকে চায়। মতিয়া চৌধুরীকে এখানকার ভোটারেরা প্রত্যাখ্যান করেছেন। তাই আনারসের জয়ের ব্যাপারে আমরা শত ভাগ আশাবাদী।’
মতিয়া চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মোখছেদুর রহমান বলেন, ‘ভোটারেরা সত্য ও উন্নয়নের পক্ষে। তাঁরা বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করবেন। জয়ের ব্যাপারে আমরা শতভাগ আশাবাদী।’