সম্মান ও স্বীকৃতি চান নারী মুক্তিযোদ্ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাহেলা বলেন, ‘আমি বীরাঙ্গনা কী কইরা হইলাম? সেইটা কি আমার দোষ? অথচ আমার ছেলেমেয়েরে অন্যরা কয়, তোর মা নষ্ট হইয়া গেছে। এখন মুক্তিযোদ্ধা ভাইরাও অন্য দিকে তাকায় থাকে। শেখ হাসিনা একবারও দেখতি আসলো না। তারা খালি রাষ্ট্র নিয়াই পাগল।’
রাহেলা আরও বলেন, ‘সরকার স্বীকৃতি দিছে শুনি। কিন্তু কবে দিব? এর মধ্যে দুজন মইরাও গেছে। এ স্বীকৃতি হাতে পামু কবে?’
রাহেলাসহ সিরাজগঞ্জ থেকে আসা তিনজন নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) তাঁদের বঞ্চনার কথা তুলে ধরেন।
রাহেলা, রাজুবালা ও হাজেরা শুনালেন তাঁদের জীবনের বীভৎসতম অধ্যায়ের গল্প। তাঁদের দাবি, তাঁরা মাথা গোঁজার জন্য একটু ঠাঁই চান। দুমুঠো ভাত চান। মুক্তিযোদ্ধা ভাতা চান। মুক্তিযোদ্ধা ও তাঁদের সন্তানেরা যেভাবে মাথা উঁচু করে বেঁচে আছেন, তাঁরাও চান সেই স্বীকৃতি ও সম্মান।
গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র এবং যুক্তরাজ্যভিত্তিক সংগঠন রাইজিং পাথ অব ওয়ার হিরোইনস নামক সংগঠন আয়োজিত ‘বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধা’ শীর্ষক মতবিনিময় সভায় নারী মুক্তিযোদ্ধারা এসব কথা বলেন।
জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, সামাজিক বাস্তবতার কারণে বীরাঙ্গনাদের তালিকা করা কঠিন। তাঁদের খুঁজে বের করার জন্য কমিটি গঠন করা হবে।
সভার সভাপতি আবদুল গাফ্ফার চৌধুরী বীরাঙ্গনাদের জন্য আবাসন, হাসপাতালে বিশেষ ব্যবস্থা রাখা এবং তাঁরা মারা যাওয়ার পর যাতে মুক্তিযোদ্ধা হিসেবে যথাযথ সম্মান পান, সে দাবি রাখেন সরকারের কাছে।
সভায় অন্যান্যের মধ্যে অধ্যাপক আনোয়ার হোসেন, গবেষক এম এ হাসান, সাংবাদিক আবেদ খান, শামসুন নাহার, সৈয়দ সামাদুল হক, পারভীন সুলতানা আলোচনায় অংশ নেন। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রাইজিং পথ অব ওয়ার হিরোইনসের পরিচালক শাহমিকা আগুন।