সম্মান কোর্স চালু হলেও পর্যাপ্ত শিক্ষক নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী সরকারি কলেজে স্নাতকের (সম্মান) কোর্স চালু হলেও পর্যাপ্ত শিক্ষক নেই। শিক্ষকসংকটের কারণে ছাত্রছাত্রীদের ঠিকমতো ক্লাস হচ্ছে না।কলেজ সূত্রে জানা গেছে, কলেজটিতে বিগত পাবলিক পরীক্ষায় ফল ভালো হলেও এখন শিক্ষকসংকটের কারণে লেখাপড়া ঠিকমতো হচ্ছে না। এইচএসসি থেকে স্নাতক পর্যন্ত এ কলেজে বর্তমানে ১২ হাজার ৬৬৭ জন ছাত্রছাত্রী রয়েছেন। কিন্তু শিক্ষক রয়েছেন মাত্র ৫৭ জন। রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাত্র তিনজন শিক্ষক রয়েছেন। এভাবে কোনো বিষয়েরই প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নেই। শুধু শিক্ষকসংকট নয়, কর্মচারী, শ্রেণীকক্ষ, খেলার মাঠ, মিলনায়তনসহ আরও অনেক সংকট রয়েছে। কলেজ সূত্র আরও জানায়, কলেজটিতে বর্তমানে বাংলা, ইংরেজি, অর্থনীতি, সমাজকল্যাণ, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামি শিক্ষা, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক কোর্স চালু হয়েছে। পদার্থবিজ্ঞান ও রসায়ন বিষয়ে স্নাতক কোর্স চালু করার বিষয়টি চূড়ান্ত হয়ে আছে। কিন্তু শিক্ষক না থাকায় তা চালু হচ্ছে না।শিক্ষক-কর্মচারীসংকটের কথা উল্লেখ করে গত ২ মে কলেজের অধ্যক্ষ শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন করেছেন। তবে এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো রকম আশ্বাস পাওয়া যায়নি। কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘শিক্ষকসংকটের কারণে ছাত্রছাত্রীরা পরীক্ষায় ভালো করতে পারছেন না। এ ছাড়া খেলার মাঠ, মিলনায়তন, রোবার স্কাউট, বিতর্ক পরিষদ কার্যালয় খুবই প্রয়োজন। এসব সমস্যার কারণে আমাদের অনেক হিমশিম খেতে হচ্ছে।’উপাধ্যক্ষ মো. ফজলুল করিম বলেন, শিক্ষকস্বল্পতার কারণে চূড়ান্ত অনুমোদনের পর্যায়ে থাকলেও দুটি বিষয়ের স্নাতক কোর্স চালু হচ্ছে না।