সম্মান কোর্স চালু হয়েছে এক যুগ শিক্ষক নিয়োগ হয়নি একজনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুগ হলো মাগুরা সরকারি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজে সম্মান (অনার্স) কোর্স চালু হয়েছে। কিন্তু এই দীর্ঘ সময়েও সম্মান কোর্সের জন্য পদ সৃষ্টি করে একজনও শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে স্নাতকোত্তর (মাস্টার্স) কোর্সও চালু করা যাচ্ছে না। গড়ে উঠেনি প্রয়োজনীয় অবকাঠামো। এ ছাড়া নানামুখী সমস্যায় সম্মান কোর্স-সংবলিত মাগুরার একমাত্র এই কলেজের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে।কলেজ সূত্রে জানা যায়, ১৯৪০ সালে মাগুরা শহরের প্রাণকেন্দ্রে প্রতিষ্ঠিত হয় মাগুরা হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ। ১৯৭৯ সালে কলেজটিকে জাতীয়করণ করা হয়। ১৯৯৮ সালে কলেজে প্রথম পর্যায়ে পাঁচটি বিষয়ে সম্মান কোর্স চালু হয়। ২০০৬-০৭ শিক্ষাবর্ষে এর সঙ্গে যোগ হয় আরও নয়টি বিষয়। কলেজে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা সাত সহস্রাধিক। সম্মান কোর্স চালু হওয়ার পর থেকে মাগুরার পার্শ্ববর্তী পাঁচ-ছয়টি জেলা থেকেও শিক্ষার্থীরা এখানে পড়ালেখা করছেন। সম্মান কোর্সে প্রতি শিক্ষাবর্ষে ভর্তি হচ্ছেন ৯৩০ জন শিক্ষার্থী। উচ্চমাধ্যমিকে ৭০০ এবং পাস কোর্সে ১৩০ জন।শিক্ষক সংকট: সম্মান কোর্স ছাড়াই উচ্চমাধ্যমিক ও পাস কোর্সে ৫৪টি পদের বিপরীতে শিক্ষক রয়েছেন ৪১ জন।এ ছড়া সম্মান কোর্সে প্রতিটি বিষয়ের জন্য ন্যূনতম সাতজন (একজন অধ্যাপক, একজন সহযোগী অধ্যাপক, দুজন সহকারী অধ্যাপক ও তিনজন প্রভাষক) শিক্ষকের প্রয়োজন। সে হিসাবে সম্মান কোর্সের মোট ১৪টি বিষয়ের জন্য প্রয়োজন ৯৮ জন শিক্ষক। কিন্তু সম্মান কোর্স চালুর পর এক যুগ পেরিয়ে গেলেও পদ সৃষ্টি করে একজন শিক্ষকও নিয়োগ দেওয়া হয়নি। পাস কোর্সের শিক্ষকেরাই সম্মান কোর্সের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে একই সঙ্গে পাস কোর্স ও সম্মান কোর্সের শিক্ষা কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। নির্ধারিত ক্লাস ও শিক্ষাক্রম (সিলেবাস) শেষ করা সম্ভব হয় না। তাছাড়া পাস কোর্সের শিক্ষকদের মাধ্যমে সম্মান কোর্সের শিক্ষা কার্যক্রম চালানোয় সম্মান কোর্সের পাঠদানের মানও ঠিক থাকছে না।এইচএসসি ও পাস কোর্সের পাঠদানের জন্য প্রয়োজনীয় শিক্ষক না থাকায় কলেজ কর্তৃপক্ষ সাতজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দিয়েছে। শিক্ষার্থীদের কাছ থেকে সেমিনার ফি বাবদ আদায় করা টাকা থেকে ওই সব শিক্ষকের সম্মানী ভাতা দেওয়া হয়।কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. জাকারিয়া বলেন, ‘অধিকাংশ সময়ই কলেজে ক্লাস হয় না। দুই বছরে আমাদের মাত্র ১৫ থেকে ২০টি ক্লাস হয়েছে। শ্রেণীকক্ষ নেই, শিক্ষক নেই।’অবকাঠামো সমস্যা: কলেজে শ্রেণীকক্ষের দরকার কমপক্ষে ৭০টি। কিন্তু সেখানে ছয়টি ভবনে শ্রেণীকক্ষ রয়েছে মাত্র ৩০টি। এর মধ্যে সাত দশক আগে নির্মিত দ্বিতল ভবনটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চার বছর আগে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছে। এই ভবনে রয়েছে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের কক্ষ, প্রশাসনিক দপ্তর, গ্রন্থাগার, পাঠকক্ষ, দুটি পরীক্ষার নিয়ন্ত্রণকক্ষ এবং দুটি শ্রেণীকক্ষ। উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে ওই পরিত্যক্ত ভবন ব্যবহার করা হচ্ছে। ভবনটি ভেঙে পড়ে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।অধ্যক্ষ যা বললেন: কলেজের অধ্যক্ষ আবুল বাছিত মিঞা প্রথম আলোকে বলেন, দুই বছর আগেই কলেজে স্নাতকোত্তর কোর্স চালু করা সম্ভব ছিল। কিন্তু সম্মান কোর্সের পদ সৃষ্টি করে শিক্ষক নিয়োগ না দেওয়ায় স্নাতকোত্তর কোর্সও চালু করা সম্ভব হচ্ছে না।শিক্ষক সংকটের বিষয়ে অধ্যক্ষ বলেন, ‘শিক্ষক না থাকায় প্রতি তিনটি ক্লাসের একটি ক্লাসও নেওয়া সম্ভব হয় না। এ ছাড়া কলেজ ও বিভিন্ন পর্যায়ের পরীক্ষাসহ নানা কারণে বছরের প্রায় অর্ধেক সময় এমনিতেই ক্লাস বন্ধ থাকে। এতে করে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।অবকাঠামোগত সংকটের বিষয়ে বাছিত মিয়া বলেন, শ্রেণীকক্ষের সংখ্যা এতই কম যে চার বর্ষের শিক্ষার্থীদের জন্য মাত্র একটি শ্রেণীকক্ষ। তাই একটি ক্লাস করে শিক্ষার্থীরা বের হলে সেখানে অন্য ক্লাস নেওয়া হয়। তাঁরা ক্লাস করার জন্য বাইরে অপেক্ষা করেন।