রাঙামাটি সরকারি কলেজে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষক, শ্রেণীকক্ষের সংকটসহ নানা সমস্যার কারণে এখানে উচ্চমাধ্যমিক, ডিগ্রি ও স্নাতক (সম্মান) পর্যায়ে অনেক বিষয়ের নিয়মিত ক্লাস হয় না। একমাত্র ছাত্রাবাসটি বন্ধ থাকায় দুর্গম পাহাড়ি এলাকার ছাত্রদের ভীষণ সমস্যা হচ্ছে। এখানে তিনটি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু করা হলেও কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি।জানা গেছে, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত এ কলেজে মাত্র একটি দ্বিতল ভবন রয়েছে। এখানে পৃথক কোনো প্রশাসনিক ভবন নেই। প্রায় ১১ বছর ছাত্রাবাসটি বন্ধ রয়েছে। নেই কোনো ছাত্রীনিবাস। ফলে দুর্গম পার্বত্য এলাকা থেকে আসা ছাত্রছাত্রীদের শহরের বিভিন্ন এলাকায় বাসা ভাড়া করে থাকতে কষ্ট হয়।শিক্ষার্থীরা জানান, ১৯৯৯ সালে দুটি ছাত্র সংগঠনের সংঘর্ষের পর কর্তৃপক্ষ ছাত্রাবাসটি বন্ধ করে দেয়। দীর্ঘদিন সংস্কার না করায় ছাত্রাবাসটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।কলেজ কার্যালয় সূত্রে জানা গেছে, এ কলেজে বর্তমানে শিক্ষকের পদ রয়েছে ৬২টি। এ পদগুলোর মধ্যে শূন্য রয়েছে ২৪টি। এখানে বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে তিনটি করে, রসায়নে দুটি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ইসলামের ইতিহাস, দর্শন, সমাজবিজ্ঞান, পালি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান ও পদার্থবিজ্ঞান বিষয়ে একটি করে শিক্ষকের পদ শূন্য রয়েছে। এ ছাড়া প্রাণিবিদ্যা বিভাগে একটি প্রদর্শক ও দুটি গ্রন্থাগারিকের পদও শূন্য রয়েছে।অধ্যক্ষ সিরাজুল করিম জানান, স্নাতক (সম্মান) শ্রেণীর প্রতিটি বিভাগে সাতটি করে শিক্ষকের পদ থাকার কথা থাকলেও রাঙামাটি কলেজে তা নেই। এ ছাড়া প্রশাসনে বিভিন্ন পদে ১৭টি পদ শূন্য রয়েছে।ব্যবস্থাপনা বিভাগের তৃতীয়বর্ষের ছাত্র মো. সালাউদ্দিন ও হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয়বর্ষের ছাত্র উড়াল মণি চাকমা জানান, ২০০৫ শিক্ষাবর্ষ থেকে এখানে হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা, ২০০৬ শিক্ষাবর্ষ থেকে ইসলামের ইতিহাস এবং ১৯৯৫ সালে রাজনীতিবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর বিভাগ চালু হলেও আলাদা ভবন নির্মাণ করা হয়নি। ফলে কলেজে শ্রেণীকক্ষের সংকট দেখা দিয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় শিক্ষকের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে।হিসাববিজ্ঞান বিভাগের প্রথমবর্ষের ছাত্র সুপ্রীতি চাকমা জানান, পাঠদানের সময় শ্রেণীকক্ষে বেঞ্চে জায়গা পান না বলে অনেক শিক্ষার্থীকে দাঁড়িয়ে থাকতে হয়।বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণীর ছাত্র দুলাল চাকমা জানান, তাঁদের পরীক্ষাগারে প্রয়োজনীয় যন্ত্রপাতি ও গ্রন্থাগারে পর্যাপ্ত বই নেই। ফলে ব্যবহারিক ক্লাস করতে গিয়ে তাঁদের নানা সমস্যার সৃষ্টি হয়।ব্যবসায় শিক্ষা বিভাগের প্রথমবর্ষের ছাত্রী জেনিফার জানান, তিনি কলেজ থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আসামবস্তি এলাকায় থাকেন। তাঁকে অনেক কষ্ট করে কলেজে আসতে হয়। কলেজের নিজস্ব বাস থাকলে তাঁদের অনেক সুবিধা হতো।অধ্যক্ষ সিরাজুল করিম জানান, শিক্ষক নিয়োগ, নতুন ভবন নির্মাণসহ কলেজের উন্নয়নের বিষয়ে তিনি একাধিকবার শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেছেন।