সম্মান ক্ষুণ্নের অভিযোগে সরকারি অনুষ্ঠান পণ্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ নেতাদের পরে বিএনপি-সমর্থিত উপজেলা নারী ভাইস চেয়ারম্যানকে বক্তব্য দিতে দেওয়ায় গতকাল রোববার দুপুরে নাটোরের লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে যুব দিবসের সরকারি অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে।
আওয়ামী লীগ নেতাদের অভিযোগ, তাঁদের সম্মান ক্ষুণ্ন হওয়ায় তাঁরা অনুষ্ঠানস্থল ছেড়ে চলে এসেছেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, জাতীয় যুব দিবসের কর্মসূচি হিসেবে রোববার দুপুরে লালপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা চলছিল। সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী ও সভাপতি আফতাব হোসেন বক্তব্য দেন। এরপরে উপস্থাপক উপজেলা ভাইস চেয়ারম্যান সামসুন্নাহার পারুলকে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করেন। তিনি বক্তব্য শুরু করলে উপজেলা আওয়ামী লীগের সদস্য ফিরোজ আল হক ভুঁইয়ার নেতৃত্বে আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী চিৎকার চেঁচামেচি করে অনুষ্ঠান বন্ধ করে দেন। এ সময় বিএনপি-সমর্থিত উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন উর রশিদ ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল আলম পরিস্থিতি শান্ত করার জন্য মাইক হাতে তুলে নিলে তাঁরা মাইক বন্ধ করতে বাধ্য করেন। কিছু কর্মী অনুষ্ঠান থেকে উঠে এসে চেয়ার ছোড়াছুড়ি করেন। এ অবস্থায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিলনায়তন ত্যাগ করলে বাকি বক্তাদের বক্তব্য ছাড়াই সভা শেষ করে দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বলেন, ‘আমরা ওই অনুষ্ঠানের অতিথি ছিলাম। অনুষ্ঠানে উপজেলার নারী ভাইস চেয়ারম্যান কোনো অতিথি ছিলেন না। তারপরও তাঁকে আমাদের পরে বক্তব্য দিতে দিয়ে আমাদের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে। তাই আমরা সভাস্থল থেকে চলে এসেছি। পরে কী হয়েছে তা জানি না।’
এ ব্যাপারে ভারপ্রাপ্ত ইউএনও শফিকুর আলম বলেন, ‘অনুষ্ঠান পরিচালনার সময় বক্তার নামের ধারাবাহিকতা সম্মানজনক না হওয়ার অভিযোগ ওঠায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়েছিলেন। তাঁরা সভাস্থল ত্যাগ করায় অনুষ্ঠান বন্ধ করা হয়েছে।’