জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান প্রথম বর্ষের পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে। জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন অর রশিদ গতকাল রোববার রাতে প্রথম আলোকে বলেন, বিপুলসংখ্যক শিক্ষার্থী সম্মান দ্বিতীয় বর্ষের লেখাপড়া থেকে যাতে বঞ্চিত না হয় এবং তাদের অভিভাবকদের ওপর বাড়তি চাপ না পড়ে, সেটি তাঁদের বিবেচনায় রয়েছে। এ বিষয়ে আজ সোমবার সিদ্ধান্ত জানানো হবে। এ জন্য মানববন্ধন বা বিক্ষোভ সমাবেশের দরকার নেই। তিনি শিক্ষার্থীদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। কয়েক দিন ধরে অকৃতকার্য শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষে পদোন্নতিসহ কয়েক দফা দাবিতে সারা দেশে আন্দোলন করছেন। গতকালও তাঁরা জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকাসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও অবরোধ করেছেন। এমনি পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ রকম ইঙ্গিত দেওয়া হয়েছে। এতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত ২০১১ সালের প্রথম বর্ষের পরীক্ষায় ৪৬ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এত বিপুলসংখ্যক পরীক্ষার্থী অকৃতকার্য হওয়া অভিভাবক, শিক্ষক ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কারও কাছে কাম্য নয়। শিক্ষার্থীদের উপলদ্ধি করতে হবে, পরীক্ষায় অকৃতকার্য হলে অন্য ক্ষতির পাশাপাশি অভিভাবকদের অধিক সময় শিক্ষার ব্যয় বহন করতে হয়, যা অসচ্ছল মা-বাবার পক্ষে কষ্টসাধ্য। সন্তানেরা যাতে নিয়মিত লেখাপড়া করে সে বিষয়ে দৃষ্টি রাখার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেড পদ্ধতিতে পরীক্ষার উত্তরপত্র মুল্যায়ন এখন বিশ্বব্যাপী স্বীকৃত পদ্ধতি। এটি শিক্ষার্থীদের বুঝতে হবে। তবে বিপুলসংখ্যক শিক্ষার্থী যাতে বঞ্চিত না হয়, সেটি কর্তৃপক্ষের দৃষ্টিতে রয়েছে।