সম্মান প্রথম বর্ষের পরীক্ষায় ৪৬ শতাংশ ফেল, শিক্ষার্থীদের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক সম্মান প্রথম বর্ষের পরীক্ষায় ৪৬ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন। পাস করেছেন মাত্র ৫৪ শতাংশ শিক্ষার্থী। ফলে দ্বিতীয় বর্ষে উঠতে পারছেন না প্রায় অর্ধেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সূত্রে এই তথ্য পাওয়া গেছে। ফেল করা শিক্ষার্থীরা দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ দেওয়ার দাবিতে গতকাল বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো রাজধানীসহ দেশের বিভিন্ন কলেজে বিক্ষোভ করেছেন।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান প্রথম আলোকে বলেন, এ বিষয়ে তাঁদের কাছেও বিভিন্ন জায়গা থেকে দাবি এসেছে। বিষয়টি নিয়ে কর্তৃপক্ষ চিন্তাভাবনা করছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৮টি বিষয়ে সম্মান পড়ানো হয়। কয়েক দিন আগে এসব বিষয়ে প্রথম বর্ষের পরীক্ষার ফল প্রকাশিত হয়। এই পরীক্ষায় দুই লাখের কিছু বেশি পরীক্ষার্থী অংশ নেন। তাঁদের প্রায় অর্ধেক ফেল করেছেন।
গত বছর থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রেড পদ্ধতিতে ফল প্রকাশ করা হচ্ছে। নতুন নীতিমালা অনুযায়ী প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে ওঠার জন্য শিক্ষার্থীদের জিপিএ কমপক্ষে ১ দশমিক ৭৫ পেতে হবে। দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষে উঠতে লাগবে কমপক্ষে ২ এবং তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে উঠতে পেতে হবে কমপক্ষে ২ দশমিক ২৫। শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাঁদের আগে থেকে এই নীতিমালার কথা জানানো হয়নি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গ্রেড পদ্ধতিতে অভ্যন্তরীণ কিছু পরীক্ষা হয়। এতে শিক্ষার্থীরা গ্রেড পদ্ধতি সম্পর্কে আগেই ধারণা পান। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে সরাসরি চূড়ান্ত পরীক্ষায় এই পদ্ধতি প্রয়োগ করা হয়। এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে, অনেক আগেই এই নীতিমালা জারি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও সেটি দেওয়া আছে। কিন্তু শিক্ষার্থীরা হয়তো সেটি খেয়াল করেননি। দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, গতবার গ্রেড পদ্ধতি চালু হওয়ায় শিক্ষার্থীদের সুযোগ হিসেবে সনাতন নিয়মে এক বিষয়ে পাস করলেই দ্বিতীয় বর্ষে ওঠার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু এবার নীতিমালা মানা হয়েছে বলে তাঁরা ওই সুযোগ পাননি। বিভিন্ন স্থানে বিক্ষোভ: প্রথম আলোর বিভিন্ন আঞ্চলিক অফিস, নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা জানান, এই ঘটনায় গতকালও বিভিন্ন কলেজে বিক্ষোভ হয়েছে। সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থীরা মুজিব সড়কে বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন করেন। কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া উচিত।’ ময়মনসিংহের আনন্দ মোহন সরকারি কলেজের শিক্ষার্থীরা গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেন। কলেজের অধ্যক্ষ এম এ মান্নান বলেন, শিক্ষার্থীরা এভাবে অকৃতকার্য হওয়ার কথা নয়। নতুন নিয়মের সঙ্গে অভ্যস্ত হতে না পারাই এর কারণ। ব্রজমোহন কলেজের শিক্ষার্থীরা সড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করেন। নবগ্রাম সড়কে বিক্ষোভ মিছিল করেছেন সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা। দিনাজপুর প্রেসক্লাবের সামনের রাস্তায় দিনাজপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। এর আগে তাঁরা কলেজের অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রকের বরাবরে স্মারকলিপি দেন।