জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১১-১২ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষা আগামী ৮ থেকে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, এ বছর ছয়টি অনুষদের অধীনে ৩৩টি বিভাগ ও দুটি ইনস্টিটিউটে মোট দুই হাজার ৪০০ শিক্ষার্থী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আগামী ৮ অক্টোবর ভর্তি পরীক্ষা শুরুর দিনে ‘ক’ ইউনিটের (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ) পরীক্ষা হবে। এরপর ৯ অক্টোবর ‘ঘ’ (জীববিজ্ঞান অনুষদ), ১০ অক্টোবর ‘ঙ’ (বিজনেস স্টাডিজ অনুষদ), ১১ অক্টোবর ‘খ’ (সমাজবিজ্ঞান অনুষদ) এবং ‘ছ’ (ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি), ১২ অক্টোবর ‘চ’ (ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ-জেইউ) এবং ‘জ’ (আইন অনুষদ), ১৩ অক্টোবর ‘গ’ (কলা ও মানবিক অনুষদ) ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা প্রতিদিন সকাল নয়টা ৩০ মিনিটে শুরু হয়ে শিফট পদ্ধতিতে বিকেল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত চলবে। পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে এক ঘণ্টা পাঁচ মিনিট। এ ছাড়া ভর্তি পরীক্ষা শুরু হওয়ার আগের দিন প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস ডিন অফিস ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে (.িলঁহরা.বফঁ/ধফসরংংরড়হ.ঢ়যঢ়) পাওয়া যাবে। এ ছাড়া ভর্তি পরীক্ষার সমাপনী রাতেই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।