সম্মান রক্ষা ও তদন্তের স্বার্থে রেলমন্ত্রীর সরে যাওয়া উচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এপিএসের (সহকারী একান্ত সচিব) গাড়িতে ৭০ লাখ টাকা পাওয়ার পর রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তকে নিজের ও রাজনীতিকদের সম্মান রক্ষায় পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন বিএনপিসহ একাধিক দলের নেতারা। গতকাল শুক্রবার রাজধানীতে বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতায় বা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নেতারা এই আহ্বান জানান। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে রেলমন্ত্রীর পদ থেকে সুরঞ্জিতের সরে যাওয়া উচিত বলেও মন্তব্য করেন তাঁরা। এ ছাড়া মহাজোটের শরিক দলের এক নেতা বলেছেন, রেল ভবনে উদ্ঘাটিত দুর্নীতির তদন্ত হওয়া উচিত।গত সোমবার গভীর রাতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তর পিলখানার মূল ফটকে বিপুল পরিমাণ টাকাসহ রেলমন্ত্রীর এপিএস ওমর ফারুক, রেলওয়ের মহাব্যবস্থাপক (পূর্ব) ইউসুফ আলী মৃধা ও রেল-নিরাপত্তা বাহিনীর কমান্ড্যান্ট (ঢাকা) এনামুল হক আটক হন। তাঁরা দাবি করেন, তাঁরা মন্ত্রীর বাসায় যাচ্ছিলেন। পথে তাঁদের অপহরণ করার লক্ষ্যে গাড়ির চালক আলী আজম গাড়িটি বিজিবির (সাবেক বিডিআর) ফটকের ভেতর ঢুকিয়ে দেন।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল ঢাকা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেন, ‘নিজের সম্মান ও গণতন্ত্রের রীতিনীতি রক্ষার স্বার্থে ঘটনার সঙ্গে সঙ্গে পদত্যাগ করা উচিত ছিল সুরঞ্জিত সেনগুপ্তের। কিন্তু তিনি তা করেননি।’ তিনি বলেন, চক্রান্ত বলে এত বড় দুর্নীতি কোনোভাবে এড়ানো যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদও রেলমন্ত্রীর পদত্যাগ দাবি করে বলেন, ‘সুষ্ঠু তদন্তের স্বার্থে সুরঞ্জিত বাবুর মন্ত্রিত্ব থেকে সরে যাওয়া উচিত’। তিনি সুরঞ্জিতকে উদ্দেশ করে বলেন, ‘আপনি মন্ত্রীর পদে থাকলে তদন্তের সুফল জনগণ দেখতে পারবে না। নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত হবে না। নিজেকে নির্দোষ মনে করলে মন্ত্রীর পদ ছেড়ে দিয়ে সুষ্ঠু তদন্তের সুযোগ করে দিন।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় মওদুদ এসব কথা বলেন। গতকাল শিল্পকলা একাডেমীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাজোটের শরিক জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, রেল ভবনে যে দুর্নীতি উদ্ঘাটিত হয়েছে, তার তদন্ত হওয়া উচিত। এখন সুরঞ্জিত সেনগুপ্তকেই প্রমাণ করতে হবে, তিনি এর সঙ্গে জড়িত নন।অর্থ কেলঙ্কারির ঘটনার মধ্য দিয়ে সুরঞ্জিতের ‘থলের কালো বিড়াল’ বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য এম কে আনোয়ার। তিনি গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।সুরঞ্জিতকে উদ্দেশ করে এম কে আনোয়ার বলেন, ‘আপনি তারেক রহমান এবং খালেদা জিয়াকে নিয়ে অনেক কটূক্তি ও অঙ্গভঙ্গি করতেন। আপনার থলের বিড়াল বেরিয়ে এসেছে।’সাবেক উপমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য এ এফ ফখরুল ইসলাম মুনশী গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় বক্তৃতাকালে রেলমন্ত্রীকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। আওয়ামী লীগের এই নেতা রেলমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ৫৫ বছর ধরে রাজনীতি করেন। আপনার সবচেয়ে বড় পাওয়া আপনি একজন রাজনীতিবিদ। পদত্যাগ করাটা আপনার নৈতিক দায়িত্ব। এটুকু যদি না বোঝেন, তাহলে অন্য পেশায় যান।’ তিনি আরও বলেন, ‘এপিএসের কাছে টাকা পাওয়ার ঘটনায় নৈতিকভাবে সুরঞ্জিত সেনগুপ্ত দায়ী। একজন হয়তো ধরা পড়েছে, এখনো হাজারজন রয়ে গেছে।’‘দেবীদ্বার সাংবাদিক নির্যাতন দিবস’ উপলক্ষে দেবীদ্বার উপজেলা প্রেসক্লাব আয়োজিত এই আলোচনায় অন্যান্যের মধ্যে কুমিল্লা-৪ আসনের সাংসদ এ বি এম গোলাম মোস্তফাও বক্তৃতা করেন।