সম্মানজনক অভিবাসন হবে ঢাকা ঘোষণার মূলমন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মর্যাদার সঙ্গে অভিবাসন’ প্রতিপাদ্য নিয়ে গতকাল মঙ্গলবার থেকে ঢাকায় শুরু হয়েছে অভিবাসনবিষয়ক ‘কলম্বো প্রসেস’-এর চতুর্থ সম্মেলন। গতকাল সম্মেলনের প্রথম দিনে সচিব পর্যায়ের দীর্ঘ বৈঠক চলে। বৈঠকে ঢাকা ঘোষণার খসড়া এবং কলম্বো প্রসেসের লিখিত নীতিমালা ঠিক করা হয়। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই সম্মেলনের উদ্বোধন করবেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশের প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যৌথভাবে এবারের সম্মেলনের আয়োজন করেছে।গতকাল সকালে বৈঠকের শুরুতে স্বাগত বক্তব্য দেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাফর আহমেদ খান। এরপর বক্তব্য দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোস্তফা কামাল। উদ্বোধনী অধিবেশনে আইওএমের একটি গবেষণাপত্র উপস্থাপন করেন প্রতিষ্ঠানটির পরিচালক শহিদুল হক। গতকাল মোট তিনটি অধিবেশন হয়। এতে অভিবাসন খরচ কমানো এবং যুদ্ধাবস্থা বা প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতিতে অভিবাসীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ঘোষণা ও নিয়মিত কলম্বো প্রসেস সম্মেলনের সময়সূচি ঠিক করে খসড়া চূড়ান্ত করা হয়। জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রস্তাবিত এই খসড়ার ওপর আজ মন্ত্রী পর্যায়ের বৈঠক শুরু হবে। গতকাল সারা দিনের অধিবেশনের ব্যাপারে জানতে চাইলে জাফর আহমেদ খান রাতে প্রথম আলোকে বলেন, প্রথম দিনের বৈঠকে কলম্বো প্রসেসের লিখিত নীতিমালা হয়েছে। এ ছাড়া বিশেষ করে, অভিবাসন খরচ কমানো ও ভিসা ট্রেডিংয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। এসব ব্যবস্থার অপচর্চা বন্ধের ব্যাপারে কথা হয়েছে। দিনশেষে ঢাকা ঘোষণার খসড়াও হয়েছে। ঢাকা ঘোষণার সম্ভাব্য বিষয়বস্তু জানতে চাইলে সচিব বলেন, অভিবাসী কর্মীদের কল্যাণের জন্য প্রয়োজনীয় এমন সব বিষয়ই থাকবে। এ ছাড়া অভিবাসী কর্মীদের প্রশিক্ষণ কেমন হবে, কীভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর হবে, দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সহযোগিতার প্রক্রিয়া কী হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতি কীভাবে সবাই মিলে মোকাবিলা করা হবে—এসব বিষয় ঢাকা ঘোষণায় থাকবে। গতকালের বৈঠকে জনশক্তি রপ্তানিকারী এশিয়ার ১১টি দেশের মধ্যে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও আফগানিস্তান, চীন, ভারত, ইন্দোনেশিয়া, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও ভিয়েতনামের জ্যেষ্ঠ কর্মকর্তারা যোগ দেন। কলম্বো প্রসেসের প্রথম সম্মেলন হয় ২০০৩ সালে কলম্বোতে। এনজিওগুলোর সুপারিশ: সম্মেলন সামনে রেখে গতকাল তিনটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা (এনজিও) যৌথভাবে বহুপক্ষীয় সহযোগিতা ও বিদেশে চাকরি করতে যাওয়া গৃহকর্মীদের স্বার্থ ও নিরাপত্তাসংক্রান্ত বিধি সমর্থনসহ চার দফা সুপারিশ করেছে। এনজিওগুলো হলো কারাম এশিয়া, হিউম্যান রাইটস ওয়াচ ও মাইগ্র্যান্টস ফোরাম ইন এশিয়া। সুপারিশগুলো হলো—গৃহকর্মীসংক্রান্ত প্রস্তাবিত আন্তর্জাতিক কনভেনশনের প্রতি এশিয়ার জনশক্তি রপ্তানিকারক দেশগুলোর সমর্থন, ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্কের বদলে বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানো, বিদেশে নিয়োগের ক্ষেত্রে অভিবাসী শ্রমিকদের কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করা এবং আঞ্চলিক আলোচনায় নাগরিক সমাজের কার্যকর প্রতিনিধিত্ব বাড়ানো। হিউম্যান রাইটস ওয়াচের নারীসংক্রান্ত জ্যেষ্ঠ গবেষক নিশা ভারিয়া বলেন, বিদেশে নারীরা যেন কোনোভাবেই নির্যাতিত না হন, সেটি নিশ্চিত করতে হবে।