সম্মানজনক সাহিত্য পুরস্কার পেলেন জিয়া হায়দার রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়া হায়দার রহমান
জিয়া হায়দার রহমান

নিজের লেখা প্রথম উপন্যাস ইন দ্য লাইট অব হোয়াট উই নো দিয়েই বাজিমাত করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক জিয়া হায়দার রহমান। যুক্তরাজ্যের সবচেয়ে পুরোনো সাহিত্য পুরস্কার ‘জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ডস-২০১৫’ জিতে নিয়েছে উপন্যাসটি। সোমবার এডিনবরা আন্তর্জাতিক বইমেলায় জিয়া হায়দারের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
১৯১৯ সাল থেকে প্রতিবছর স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অব এডিনবরা সৃজনশীল ও জীবনী—এই দুই শ্রেণিতে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি দিয়ে আসছে। সম্মাননা পদকের পাশাপাশি বিজয়ীকে দেওয়া হয় ১০ হাজার পাউন্ড। সম্মানজনক পুরস্কারটি জেতায় জিয়া হায়দারের নামটি এখন ডিএইচ লরেন্স, এঞ্জেলা কার্টার ও গ্রাহাম গ্রিনের নামের পাশে শোভা পাচ্ছে।
জিয়া হায়দারের বইটি পুরস্কৃত হয়েছে সৃজনশীল শ্রেণিতে। জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ডসের সৃজনশীল বিভাগের প্রধান ও ইউনিভার্সিটি অব এডিনবরার অধ্যাপক র্যান্ডল স্টিভেনসন। তিনি বলেন, জিয়া হায়দার রহমান তাঁর উপন্যাসে একজন বিনিয়োগ ব্যাংকারের সঙ্গে তাঁর এক পুরোনো বন্ধুর সাক্ষাতের গল্পের মধ্যে দিয়ে আফগানিস্তান যুদ্ধ, মুসলিম মৌলবাদের উত্থান এবং বিশ্বব্যাংকিং সংকটের মতো অনেকগুলো বিষয়কে সুনিপুণভাবে উপস্থাপন করেছেন। তিনি রাজনীতি ও অর্থনীতির সমস্যাগুলোর দিকে দৃষ্টিপাত করেছেন, যা সাধারণত উপন্যাসের পাতা থেকে নির্বাসিত।
পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় ওঠা সামান্থা হারবির ডিয়ার থিফ, স্মিথ হেন্ডারসনের ফোরথ অব জুলাই ক্রিক এবং ম্যাথিও টমাসের উই আর নট আওয়ারসেলভ্সকে হারিয়ে পুরস্কার জিতে নিয়েছে ইন দ্য লাইট অব হোয়াট উই নো।
প্রতিবছর ‘জেমস টেইট ব্ল্যাক অ্যাওয়ার্ডস’ প্রদানের জন্য ইউনিভার্সিটি অব এডিনবরার শিক্ষক ও স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থীরা চার শতাধিক উপন্যাস পড়েন। সেখান থেকে তাঁরা চারটি বইকে পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় তোলেন।
জিয়া হায়দার রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে। ১৯৭০ দশকের শুরুর দিকে তিনি শিশু বয়সে মা-বাবার সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান। অক্সফোর্ড, কেমব্রিজ ও ইয়েল ইউনিভার্সিটিতে পড়াশোনা করা জিয়া হায়দার ছিলেন একজন বিনিয়োগ ব্যাংকার। এরপর করপোরেট আইনজীবী ও পরবর্তী সময়ে আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। তাঁর প্রথম উপন্যাস ইন দ্য লাইট অব হোয়াট উই নো ২০১৪ সালের মাঝামাঝি প্রকাশিত হওয়ার পর থেকেই সমালোচকদের দৃষ্টি কাড়ে।