সম্মাননা পেলেন জামদানি কারিগরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামদানি শাড়ি পরে মঞ্চে এলেন আনোয়ারা। তিনি জামদানির কারিগর। যদিও এই শাড়ি তৈরি করেন পুরুষেরা। আনোয়ারা তাঁর বাবার কাছ থেকে জামদানি বুনতে শিখেছেন। তাঁকে সম্মাননা জানাতে মঞ্চে ডাকা হয়েছিল। নিজে জামদানি বুনলেও এভাবে জামদানি শাড়ি পরে সম্মাননা পাওয়ার সুযোগ কখনো ঘটেনি আনোয়ারার। তাঁরই মতো সম্মাননা জানানো হয় বেশ কয়েকটি অঞ্চল থেকে আসা বুননশিল্পীদের। তাঁদের প্রায় সবাই সিদ্ধিরগঞ্জের অধিবাসী।
২০১৩ সালে জামদানিকে বাংলাদেশের অপরিমেয় সাংস্কৃতিক সম্পদ ঘোষণা করে ইউনেসকো। এর আগে ২০০৮ সালে বাউল গানকে বাংলাদেশের সাংস্কৃতিক সম্পদ ঘোষণা করে সংস্থাটি। এই অর্জনকে উদ্যাপন করতেই গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে আয়োজন করা হয় সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আয়োজক ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইপিএবি)।
অনুষ্ঠানের শুরুতে এ আয়োজন নিয়ে জানান আইপিএবির পরামর্শক মালেকা খান।
জামদানি বুননশিল্পীদের পাশাপাশি সম্মাননা দেওয়া হয় এই খাতে অবদান রাখা বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে।
অনুষ্ঠানে কয়েকটি রবীন্দ্রসংগীতের সঙ্গে একটি মনোমুগ্ধকর ফ্যাশন শো পরিবেশন করা হয়। তাতে জামদানি শাড়ির বৈচিত্র্য তুলে ধরা হয়।
সংস্কৃতিসচিব আখতারি মমতাজ এই বয়নশিল্পী ও বাউলদের উন্নয়নের জন্য যা যা করা প্রয়োজন, সেসব বিষয়ে পরামর্শ আহ্বান করেন। সংস্কৃতি মন্ত্রণালয় সেসব নিয়ে কাজ করবে।
প্রধান অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘মেধাবীদের সম্মান জানাতে পৃথিবীর রাষ্ট্রনায়কেরা মেধাসম্পদ নিবন্ধন করার সিদ্ধান্ত নেন। যাতে একজন শিল্পীর মেধাসম্পদ অন্যরা ব্যবহার করতে না পারে। আমাদের নিমগাছের পেটেন্ট করিয়ে নিয়েছে ভারত। তাদের চেষ্টা ছিল জামদানিকেও পেটেন্ট করাবার। এই সরকারের প্রচেষ্টায় আমরা আমাদের এই ঐতিহ্যের পেটেন্ট করাতে সক্ষম হয়েছি।’
এই প্রতিবেদন লেখার সময় শিল্পী রফিকুল আলম গাইছিলেন ‘আশা ছিল মনে মনে’ গানটি। গান শোনানোর অপেক্ষায় ছিলেন শিল্পী শুভ্র দেব, সামিনা চৌধুরী, কনকচাঁপা।
এ ছাড়া দলীয় গান ও জ্যামিং করবেন বাপ্পা ও পার্থ, বালাম ও জুলি, ফুয়াদ নাসের বাবু, মাকসুদ ও হাবলু।