সম্মাননা পেলেন রাজশাহী বিভাগের পাঁচ জয়িতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল  রাজশাহী বিভাগের পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। জয়িতা রহিমা খাতুনের সম্মাননা নেন  তাঁর ছেলে l প্রথম আলো
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে গতকাল রাজশাহী বিভাগের পাঁচ জয়িতাকে সম্মাননা দেওয়া হয়। জয়িতা রহিমা খাতুনের সম্মাননা নেন তাঁর ছেলে l প্রথম আলো

রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে স্বীকৃতি ও সম্মাননা দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে জয়িতা নির্বাচন ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচিত জয়িতারা হলেন অর্থনীতিতে অবদান রাখায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধুলাপাড়া গ্রামের মিনতি রানী, শিক্ষায় রাজশাহীর তানোর উপজেলার হরিদেবপুর গ্রামের ফিরোজা খাতুন, সফল জননী হিসেবে নাটোরের লালপুর উপজেলার কাজিপুকুর গ্রামের রহিমা খাতুন, নির্যাতনের শিকার হয়েও নিজের চেষ্টায় স্বাবলম্বী রাজশাহী মহানগরের রামচন্দ্রপুর মহল্লার নার্গিস আক্তার ও সমাজ উন্নয়নে অবদান রাখায় বাঘা উপজেলার বড় ছয়ঘাটি গ্রামের শরিফা খাতুন।
অনুষ্ঠানে রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। রাজশাহী বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সাংসদ আখতার জাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য চৌধুরী সারোয়ার জাহান, জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শাহানাজ বেগম প্রমুখ।
দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন ক্ষেত্রে তৃণমূলের সংগ্রামী নারীদের আত্মশক্তিতে উজ্জীবিত ও অনুপ্রাণিত করতে মহিলাবিষয়ক অধিদপ্তর রাজশাহী বিভাগের ১০ জন জয়িতাকে মনোনীত করেন। এঁদের মধ্য থেকে পাঁচটি ক্ষেত্রে পাঁচজনকে শ্রেষ্ঠ নির্বাচিত করে সম্মাননা ক্রেস্ট ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়।