সম্মাননা পেলেন শিক্ষক শাহনাজ পারভীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বসেরা ৫০ জন শিক্ষকের তালিকায় স্থান পাওয়ায় বগুড়ার শেরপুরের শিক্ষক শাহনাজ পারভীনকে গতকাল বুধবার সম্মাননা দেওয়া হয়েছে। মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সমিতির শেরপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহনাজ পারভীন শেরপুর আদর্শ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনি শেরপুর পৌরসভার টাউন কলোনি এলাকায় শেরপুর শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়েরও প্রতিষ্ঠাতা। পেশায় অনবদ্য ভূমিকা রাখায় বিশ্বসেরা শিক্ষক, ২০১৭ পুরস্কারের (গ্লোবাল টিচার প্রাইজ) জন্য মনোনীত হয়েছেন তিনি।
শহরের সান্যালপাড়ায় আয়োজক সংগঠনের কার্যালয়ে গতকাল ওই অনুষ্ঠান করা হয়। এতে শাহনাজ পারভীনের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শেরপুর শহীদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো. শামসুদ্দিন সভাপতিত্ব করেন। প্রধান অতিথির বক্তব্য দেন শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার। এতে বিশেষ অতিথি ছিলেন শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান।
বিশ্বের সেরা শিক্ষক নির্বাচনের জন্য ২০১৫ সাল থেকে মধ্যপ্রাচ্যভিত্তিক ভারকি ফাউন্ডেশন ‘গ্লোবাল টিচার প্রাইজ’ দেয়। এ বছর বিশ্বের ১৭৯টি দেশের ২০ হাজার আবেদনকারীর মধ্য থেকে শীর্ষ ৫০ শিক্ষককে বাছাই করা হয়েছে। এ তালিকায় ১৬ জন নারীর মধ্যে আছে বাংলাদেশের শাহনাজ পারভীনের নাম। মনোনয়ন পাওয়া ৫০ জনের মধ্য থেকে আগামী বছরের ১৯ মার্চ দুবাইয়ে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
গতকালের অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শেরপুর উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই বারী, শেরপুর শহীদিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, ঘোর দৌড় মাদ্রাসার অধ্যক্ষ আবদুস সালাম, আলতাদীঘি মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।