সম্মাননা পেলেন শ্যামনগরের ময়না রানী
পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় সম্মাননা পেলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার তালবাড়িয়া গ্রামের গৃহিণী ময়না রানী মণ্ডল (৫৫)। পরিবেশবান্ধব চুলার ব্যবহার বাড়িয়ে কার্বন নিঃসরণ কমাতে ভূমিকা রাখায় গতকাল শুক্রবার তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খুলনা অফিসার্স ক্লাবে বিভাগীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে ময়না রানীকে এই সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোস্তফা কামাল। বিভাগীয় কমিশনার আবদুস সামাদ ময়না রানীর হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
লোকায়ত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে জ্বালানি সাশ্রয়ী পরিবেশবান্ধব চুলা তৈরি করে বিশেষ সফলতা অর্জন করেন ময়না রানী। ১৫ বছর ধরে তিনি সাতক্ষীরার শ্যামনগর, কালিগঞ্জ, আশাশুনি, দেবহাটা, সাতক্ষীরা সদর ও খুলনা জেলার কয়রা উপজেলার শতাধিক গ্রামের ছয় হাজার পরিবারের জন্য এ পরিবেশবান্ধব চুলা বানিয়ে দিচ্ছেন।