সম্মাননা পেলেন ১০ নারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিকতা, খেলাধুলাসহ নানান খাতে বিশেষ অবদান রাখায় ১০ নারীকে সম্মাননা জানিয়েছে উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। আন্তর্জাতিক নারী দিবস পালনের অংশ হিসেবে গতকাল বুধবার রাজধানীর এক হোটেলে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয় সম্মাননাপ্রাপ্ত পাওয়া ব্যক্তিদের হাতে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, অর্থনৈতিক সমৃদ্ধি ছাড়া বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানো সম্ভব নয়। বিভিন্ন কর্মকাণ্ডে নারীদের সম্পৃক্ত করলে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করা সম্ভব। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীর নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। সরকার নারীর ক্ষমতায়নে নানান নীতি ও আইন করেছে। জাতীয় সংসদসহ বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণ সমান নয় কেন, এখন সে প্রশ্ন উঠতে পারে।
মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন খুবই প্রশংসাযোগ্য। দেশের নারী উদ্যোক্তারা ব্যাংকের বিভিন্ন সুবিধা পেতে কেন সমস্যার সম্মুখীন হচ্ছেন, নারী উদ্যোক্তাদের সামাজিকভাবে গ্রহণযোগ্যতা কীভাবে বাড়ানো যায়, এ ধরনের বিষয়গুলোতে নজর বাড়াতে হবে। ওয়েবের প্রেসিডেন্ট নাসরীন ফাতেমা আউয়াল বলেন, ৬২ শতাংশ নারী আয়বর্ধক কাজের সঙ্গে যুক্ত। তবে এখন পর্যন্ত নারী উদ্যোক্তাদের ব্যাংকে প্রবেশগম্যতাসহ নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে সরকারের কাছে নারীদের জন্য পৃথক ব্যাংক তৈরির দাবি তোলা হচ্ছে। এ ধরনের ব্যাংকে পরিচালকসহ বিভিন্ন পদে নারী থাকলে নারীদের জন্য ব্যাংকে প্রবেশগম্যতা সহজ হবে।
যাঁরা পুরস্কার পেলেন: পার্বত্য অঞ্চলে নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখায় শেফালিকা ত্রিপুরা, রেণুকা চাকমা, খেলাধুলায় মাহফুজা আক্তার, সাংবাদিকতায় নবনীতা চৌধুরী ও ফারজানা রশিদ, ব্যবসায় সুলতানা আজাদ, প্রশিক্ষণে জেসমিন আরা, নারী উদ্যোক্তা হিসেবে মেহেরুন নেসা খান ও শাহরিয়া সিদ্দিকী এবং যুব নেতৃত্বে আনিকা সুবাহ আহমেদ ওয়েবের পক্ষ থেকে পুরস্কার পেয়েছেন।