সম্মাননা পেলেন ২০০ মৃৎশিল্পী

কুমারপাড়ায় সারা বছর যাঁরা মাটির তৈজসপত্র বানান, তাঁরা পাল হিসেবে পরিচিত। শারদীয় দুর্গাপূজার সময় তাঁদের হাতের ছোঁয়ায় দেবী দুর্গা পান জীবন্ত রূপ। আবার তাঁরাই নির্মাণ করেন কালী, লক্ষ্মী এবং বিদ্যার দেবী সরস্বতীর প্রতিমা। তাঁরা আমাদের মৃৎশিল্পী।
নিপুণ এই কারিগরদের নেই তেমন কোনো সম্মান, স্বীকৃতি। পিছিয়ে থাকা বরিশালের ২০০ মৃৎশিল্পী সম্মাননা পেয়েছেন গতকাল। সকাল ১০টায় নগরের অশ্বিনীকুমার হলে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁদের সম্মাননা জানায় বরিশাল মৃৎশিল্পী সম্মাননা পরিষদ। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় এ উপলক্ষে অনুষ্ঠিত হয় দুই দিনের মৃৎশিল্প মেলা।
সম্মাননা অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন শিল্পী নিসার হোসেন বলেন, ‘মৃৎশিল্পীরা সমাজের প্রকৃত শিল্পী এবং খাঁটি মানুষ, যাঁদের হাতের পরশে কাদামাটি প্রাণ পায়। হয় আরাধনা ও পূজার দেবতা। তাঁদের সম্মান জানানো এবং বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের।’ বরিশাল জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক।