সম্মাননা পেলেন ২১০ নবীন উদ্যোক্তা
সবাই নবীন উদ্যোক্তা। অন্যের চাকরি না করে তাঁরা নিজেরাই কিছু করতে চেয়েছিলেন। তাঁদের কেউ তথ্যপ্রযুক্তি, কেউ পণ্য বা সেবা, কেউবা কৃষিসহ নানা ব্যবসা শুরু করেছিলেন। সফলতার মুখ দেখতে অনেক কাঠখড়ও পুড়িয়েছেন কেউ কেউ। অনেক বাধা এসেছে, তবুও তাঁরা হার মানেননি। তাঁরা এখন অনেকটাই সফল।
নিজের প্রতিষ্ঠানকে দাঁড় করানোর পাশাপাশি তাঁদের প্রতিষ্ঠানে এখন অনেককে চাকরিও দিয়েছেন। তাঁদের উদ্যোগে বিনিয়োগ করেছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট। ঠাকুরগাঁওয়ের এমন ২১০ নবীন উদ্যোক্তাকে গতকাল সম্মাননা দিয়েছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট।
শহরের গোবিন্দনগরের ইএসডিও প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত নবীন উদ্যোক্তা সম্মাননা অনুষ্ঠানে গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ইএসডিওর নির্বাহী পরিচালক মুহম্মদ শহীদ উজ জামান, গ্রামীণ টেলিকম ট্রাস্টের টিম লিডার জয়ন্ত কুমার বসু, সেরা নবীন উদ্যোক্তা ইতি বেগম, আমিনুল হক প্রমুখ বক্তব্য দেন।
গ্রামীণ টেলিকম ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পারভীন মাহমুদ বলেন, ‘আমরা চাকরিপ্রার্থী নই, চাকরিদাতা’—এই দর্শনে বিশ্বাসী তরুণ যাঁরা কৃষিপণ্য উৎপাদন বা ব্যবসার মাধ্যমে উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে ও অন্যদের কর্মসংস্থান সৃষ্টি করতে চান তাঁরাই নবীন উদ্যোক্তা।