সম্মাননা পেলেন ৪০ মৃৎশিল্পী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমার মা মারা যান গত ২৭ সেপ্টেম্বর। তাঁর শেষকৃত্যানুষ্ঠানে যেতে পারিনি। কারণ, আমি গেলে বরিশালের সাত-আটটি পূজামণ্ডপের প্রতিমার শেষ মুহূর্তের কাজ বন্ধ হয়ে যেত। মৃত মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দেবী দুর্গার প্রতিমার কাজ শেষ করতে থেকে যেতে হয়েছে।’কথাগুলো বলছিলেন মৃৎশিল্পী নিতাই পাল। গত সোমবার বিকেলে বরিশাল নগরের কালীবাড়ি রোডে ধর্মরক্ষিণী সভাগৃহে বরিশালে বিভিন্ন পূজামণ্ডপে কর্মরত প্রতিমাশিল্পীদের (মৃৎশিল্পী) সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে ৪০ জন প্রতিমাশিল্পীকে সম্মাননা পদক, এক হাজার টাকা করে নগদ অর্থ, মিষ্টান্ন এবং ১২০ জন সহযোগী ও তাঁদের স্ত্রীদের নতুন বস্ত্র দেওয়া হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি মৃৎশিল্প গবেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক নিসার হোসেন বলেন, মৃৎশিল্পীদের উদ্ভাবনী শক্তি কোনো একাডেমিক শিক্ষার মানদণ্ডে বিচার করা যাবে না। মৃৎশিল্প এমন এক বিষয়, যা রক্তে থাকতে হয়। মৃৎশিল্পীদের রক্তে প্রবাহিত নান্দনিকতা তাঁদের পরিবার থেকে পাওয়া বলে পূর্ণাঙ্গতা পেয়েছে।বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানবেন্দ্র বটব্যাল, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, অমৃত ফুড প্রোডাক্টসের নির্বাহী পরিচালক ও অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বিজয় কৃষ্ণ দে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাখাল চন্দ্র দে।অন্য বক্তারা বলেন, প্রতিমাশিল্পীদের সম্মান জানানো তো দূরের কথা, অনেক সময় তাঁদের ন্যায্য মজুরিও দেওয়া হয় না। ফলে, দিন দিন তাঁরা পেশার প্রতি আগ্রহ হারিয়ে ফেলছেন। আজকের এই সম্মাননার মাধ্যমে তাঁদের পেশার প্রতি আগ্রহ সৃষ্টি হতে পারে। তবে এ ক্ষেত্রে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, সামাজিক ও সাংস্কৃতিক দিক থেকে তাঁদের স্বীকৃতি দেওয়ার ব্যবস্থা করতে হবে।