সম্মাননাপ্রাপ্ত বিদেশিদের নামে সড়ক করার দাবি
মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের পাশে দাঁড়ানোয় রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া বিদেশিদের নামে রাজধানীর কূটনৈতিক এলাকার সড়কের নামকরণের দাবি জানিয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। কমিটির নেতারা এ দাবিতে গতকাল বুধবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হককে একটি স্মারকলিপি দেন।
স্মারকলিপিতে বলা হয়, মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ২০১১ সাল থেকে এ পর্যন্ত প্রায় ৩০০ জন বিদেশি নাগরিককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে। যাঁদের মধ্যে রাষ্ট্রনায়ক, সরকারপ্রধান, রাজনীতিবিদ, সমরনায়ক, বরেণ্য শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী ও পেশাজীবী রয়েছেন। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে সম্মাননা জানানোর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে অবদান রাখা বিদেশিদের সম্মানিত করার প্রক্রিয়া শুরু হয়।
কলকাতায় একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে রাখা হয়েছে বলে স্মারকলিপিতে জানানো হয়। ২০১৬-১৭ সালে ভারতে বিশেষ মর্যাদায় ইন্দিরা গান্ধীর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। এ বছরই রাজধানীর কূটনৈতিক এলাকায় একটি গুরুত্বপূর্ণ সড়ক ইন্দিরা গান্ধীর নামে রাখার জন্য নিমূল কমিটি দাবি জানায়।
স্মারকলিপিতে সড়ক নামকরণের জন্য রাষ্ট্রীয় সম্মাননা পাওয়া ৩৩ জন বিদেশি নাগরিকের নাম প্রস্তাব করা হয়। এ নামকরণ বিদেশি পর্যটকদের কাছে রাজধানীর আকর্ষণ বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে স্মারকলিপিতে বলা হয়। আনিসুল হক বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় আমাদের পাশে দাঁড়িয়ে বিদেশ বন্ধুরা আমাদের বেঁচে থাকতে সাহায্য করেছেন। তাঁদের অনেককে মরণোত্তর হলেও সম্মাননা দেওয়া হবে।’ স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, উপদেষ্টা বিচারপতি শামসুল হুদা, সাধারণ সম্পাদক কাজী মুকুল, সহসভাপতি অধ্যাপক মুনতাসীর মামুন, শ্যামলী নাসরিন চৌধুরী ও ফেরদৌসী প্রিয়ভাষিণী উপস্থিত ছিলেন।