সম্মানসূচক ডক্টরেট পেলেন ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী

ব্রিটিশ বাংলাদেশি ব্যবসায়ী ও সীমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিইকে সম্মানসূচক ডক্টরেট সম্মাননা দিয়েছে ম্যানচেস্টার মেট্রোপলিটন ইউনিভার্সিটি। ২৬ জুলাই ম্যানচেস্টার ব্রিজওয়াটার হলে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর লর্ড পিটার মান্ডেলসন।
ব্রিটেনের ধনাঢ্য বাংলাদেশি ব্যবসায়ী ইকবাল আহমদ ওল্ডহ্যামে তাঁদের পারিবারিক সুপার মার্কেটকে একটি বৈশ্বিক ব্যবসায় পরিণত করেন। হিমায়িত চিংড়ি রপ্তানিতে অপ্রতিদ্বন্দ্বী বলে বিবেচিত এই ব্যবসায়ী মি. কিং প্রন নামে পরিচিত। ইকবাল আহমদ ১৫ বছর বয়সে যুক্তরাজ্যে যান। তিনি বাংলাদেশ থেকে চিংড়ি আমদানি করে প্রক্রিয়াজাতকরণের পর সেই চিংড়ি ইউরোপ, আমেরিকা, রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করেন। তিনিই প্রথম যুক্তরাজ্যে ব্ল্যাক টাইগার চিংড়ি আমদানি করেন। ম্যানচেস্টারভিত্তিক তাঁর প্রতিষ্ঠান ১৯৯৮ সালে ‘কুইনস অ্যাওয়ার্ড ফর এক্সপোর্ট’ লাভ করে।
শুধু যুক্তরাজ্যেই ইকবাল আহমদ প্রতিষ্ঠান গড়ে তোলেননি, বাংলাদেশেও তাঁর ব্যবসা সম্প্রসারিত হয়েছে। ২০০২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইকবাল আহমদ বাংলাদেশে হিমায়িত খাদ্য রপ্তানিতে শীর্ষে ছিলেন। বিজ্ঞপ্তি