দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য সাতজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করেছে বাংলা একাডেমি।
তাঁরা হচ্ছেন স্যার ফজলে হাসান আবেদ (শিক্ষা ও সমাজ উন্নয়ন), ড. মোহাম্মদ ফরাসউদ্দিন ও অধ্যাপক স্বপন আদনান (অর্থনীতি), মাহফুজ আনাম ও আবেদ খান (সাংবাদিকতা), অধ্যাপক অনুপম সেন (সমাজবিজ্ঞান) এবং শিল্পী পাপিয়া সারোয়ার (সংগীত)।
গত শনিবার সারা দেশের প্রায় দেড় হাজার কবি, সাহিত্যিক, শিল্পী ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণে বাংলা একাডেমির ৩৮তম বার্ষিক সাধারণ সভায় এ ফেলোশিপ ও একাডেমি পরিচালিত চারটি সাহিত্য পুরস্কার দেওয়া হয়।
বাংলা কবিতায় বিশেষ অবদানের জন্য কবি মোহাম্মদ রফিক পেয়েছেন মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০১৫। আর সা’দত আলী আখন্দ সাহিত্য পুরস্কার-২০১৫ উঠেছে কবি কায়সুল হকের হাতে। বিজ্ঞানসাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ অধ্যাপক অজয় রায় পেয়েছেন মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার-২০১৪ এবং হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান-লেখক পুরস্কার ১৪২০-২১ পেয়েছেন বিজ্ঞানলেখক আসিফ।
পুরস্কার এবং ফেলোশিপপ্রাপ্তদের হাতে পুরস্কারের অর্থমূল্য, সম্মাননাপত্র ও সম্মাননা-স্মারক তুলে দেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান এবং মহাপরিচালক শামসুজ্জামান খান।
মাহফুজ আনাম বিদেশে থাকায় তাঁর পক্ষে ভ্রাতৃবধূ ফেরদৌসী আনাম এবং পাপিয়া সারোয়ার বিদেশে থাকায় তাঁর পক্ষে স্বামী সারোয়ার এ আলম ফেলোশিপ সম্মাননা গ্রহণ করেন।
২০১৪-২০১৫ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতির ভাষণ দেন অধ্যাপক ড. আনিসুজ্জামান।