সম্মানী তিন গুণ বৃদ্ধি ও উপসচিবের পদমর্যাদা চান কাউন্সিলররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ওয়ার্ড কাউন্সিলরদের মাসিক সম্মানী প্রায় তিন গুণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে উপসচিবের পদমর্যাদা চেয়েছেন তাঁরা। এ ছাড়া দপ্তর ব্যবস্থাপনা ভাতাও পাঁচ গুণ বাড়ানোর দাবি তাঁদের। গত ২৫ সেপ্টেম্বর এই প্রস্তাব অনুমোদন করেছেন ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
১৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডসহ বর্তমানে ডিএসসিসির কাউন্সিলর ৭৬ জন। বর্তমানে তাঁদের মাসিক সম্মানী ১৭ হাজার ৫০০ টাকা। নতুন প্রস্তাবে এই সম্মানী ৫০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। দপ্তর ব্যবস্থাপনা ভাতা বর্তমান ৪ হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার কথা বলা হয়েছে। আর কার্যালয় ভাড়া ও করপোরেশন সভায় উপস্থিতির সম্মানী পান যথাক্রমে ৮ হাজার টাকা ও ৫০০ টাকা। নতুন প্রস্তাবে তা যথাক্রমে ১০ হাজার ও ২ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে।
গত ১ সেপ্টেম্বর ডিএসসিসির ‘সপ্তম করপোরেশন সভা’য় কাউন্সিলরদের সম্মানী ও পদমর্যাদা বাড়ানোর এই প্রস্তাব করা হয়৷ এই প্রস্তাবের একটি দাপ্তরিক চিঠি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পাঠানো হবে৷ প্রস্তাবটি বাস্তবায়িত হলে একজন কাউন্সিলর মাসে ন্যূনতম ৮০ হাজার টাকা পাবেন। এতে মাসে ডিএসসিসির ৬০ লাখ ৮০ হাজার টাকা খরচ হবে। বর্তমানে এ ব্যয় ২২ লাখ ৪২ হাজার টাকা। এর আগের সভাগুলোতেও বিষয়টি আলোচনায় এসেছে।
ডিএসসিসির কাউন্সিলরদের উপসচিব পদমর্যাদা ও সম্মানী দাবি করা বোধগম্য নয় বলে জানিয়েছেন নগর বিশেষজ্ঞ বদিউল আলম মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, আইন অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে কাজ করবেন। এখানে কাউন্সিলররা সরকারি কর্মকর্তাদের সমমর্যাদা চাচ্ছেন। বিষয়টি বোধগম্য নয়; বরং তাঁদের লক্ষ্য হওয়া উচিত সিটি করপোরেশনকে স্বায়ত্তশাসিত করে পরিচালনা নিশ্চিত করা। সম্মানী তিন গুণ বাড়ানোর বিষয়ে তিনি বলেন, ‘কাউন্সিলর পদ কোনো চাকরি নয়৷ এই পদের সৃষ্টি জনসেবার জন্য৷ কিন্তু দুর্ভাগ্যক্রমে কাউন্সিলররা পদটিকে ব্যবসায় পরিণত করেছেন। তবে একজন কাউন্সিলরের সম্মানী কত হওয়া উচিত, তা করপোরেশনকেই নির্ধারণ করতে হবে৷’
জানতে চাইলে ডিএসসিসির মেয়র প্রথম আলোকে বলেন, ‘করপোরেশনের সভার সিদ্ধান্ত অনুযায়ী কাউন্সিলরদের মাসিক সম্মানী, পদমর্যাদা বাড়ানোসহ বিভিন্ন প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিগগিরই কাউন্সিলরদের একটি প্রতিনিধিদল নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করব। পরে সবকিছু পর্যালোচনা করে মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’
একজন কাউন্সিলর যে পরিমাণ ভাতা পান, তা অপ্রতুল ও অত্যন্ত নগণ্য বলে মনে করেন ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবু আহমেদ মন্নাফী। তিনি বলেন, এই টাকা দিয়ে কার্যালয় চালানোর মতো কক্ষ ভাড়া পাওয়া যায় না। অথচ কাউন্সিলরের কার্যালয়ে আসা নাগরিকদের বসার জন্য একটি কক্ষ ও ওয়ার্ড সচিবের জন্য পৃথক কক্ষ দরকার। নতুন প্রস্তাব অনুযায়ী কাউন্সিলরদের ভাতা বাড়ানো হলে এই সমস্যা কিছুটা লাঘব হবে। এ ছাড়া কাউন্সিলরদের সম্মানজনক পদমর্যাদা দেওয়া হলে নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডে গতি বাড়বে।
প্রায় একই ধরনের বক্তব্য দিয়েছেন ডিএসসিসির ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাসিবুর রহমান।
গত ২১ জুন এক প্রজ্ঞাপনে ঢাকার দুই মেয়রকে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। মূলত এরপর থেকেই নিজেদের সম্মানী ও পদমর্যাদা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন ডিএসসিসির কাউন্সিলররা।
ডিএসসিসির সচিব খান মোহাম্মদ রেজাউল করিম ২ অক্টোবর প্রথম আলোকে বলেন, করপোরেশনের সভার সিদ্ধান্তের অনুলিপি দ্রুত স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর বাকি প্রক্রিয়া সম্পন্ন করবে মন্ত্রণালয়।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক ৩ অক্টোবর মুঠোফোনে বলেন, কেবল দক্ষিণ সিটি করপোরেশন নয়, আরও কয়েকটি সিটি করপোরেশন সম্মানী বাড়ানোর আবেদন করেছে৷ বিষয়টি পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে৷