সম্মানী দিয়ে মনোনয়নপত্র পূরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়স্বল্পতা ও শিক্ষাগত যোগ্যতা কম থাকায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) প্রতিদ্বন্দ্বিতায় ইচ্ছুক অনেকে স্থানীয় শিক্ষিত ও অভিজ্ঞ ব্যক্তিদের সহায়তায় তাঁদের মনোনয়নপত্র পূরণ করিয়ে নিচ্ছেন। উপজেলার সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ড ও ২১টি সংরক্ষিত নারী সদস্য পদে আগামী ২ জুলাই নির্বাচন হবে। এসব পদে বিপুলসংখ্যক চেয়ারম্যান, সদস্য প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিচ্ছেন। আর এ সুযোগে শিক্ষিত বেকার যুবকেরা উপজেলা পরিষদ চত্বরে টেবিল-চেয়ার পেতে বসে পড়েছেন। তাঁরা একজন প্রার্থীর মনোনয়নপত্র পূরণ করে সম্মানী হিসেবে ৫০০ থেকে হাজার টাকা পর্যন্ত পাচ্ছেন। তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এমরান হোসেন বলেন, ‘যুবকেরা মনোনয়নপত্র পূরণে আমাদের আন্তরিকভাবে সহযোগিতা করছে। আমরা খুশি হয়েই সম্মানী হিসেবে তাদের কিছু টাকা দিচ্ছি।’ শিক্ষিত বেকার যুবক নাজমুল হুদা ও তারিকুল ইসলাম বলেন, ‘প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত আমরা প্রার্থীদের মনোনয়নপত্র পূরণের কাজ করছি। এভাবে আমরা দৈনিক তিন থেকে পাঁচ হাজার টাকা করে পাচ্ছি।’