সম্মানী বাড়ানোর দাবিতে কাউন্সিলরদের মানববন্ধন
সম্মানী বাড়ানোসহ আট দফা দাবিতে গতকাল সোমবার বিভিন্ন স্থানে মানববন্ধন করেছেন পৌরসভার কাউন্সিলররা। বাংলাদেশ পৌরসভা কাউন্সিলর অ্যাসোসিয়েশনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনকালে বক্তারা বলেন, ১১ জানুয়ারি স্থানীয় সরকার বিভাগ পৌরসভার কাউন্সিলরদের মাসিক সম্মানী ভাতা সর্বনিম্ন আট হাজার টাকা নির্ধারণ করে। সিটি করপোরেশনের কাউন্সিলর, জেলা পরিষদের সদস্য, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের সম্মানী ভাতার তুলনায় এ ভাতা অনেক কম। এটা বৈষম্যমূলক ও অসম্মানজনক। এ জন্য তাঁরা ওই আইন সংশোধন করে আট দফা বাস্তবায়নের দাবি জানান।
কাউন্সিলরদের দাবির মধ্যে রয়েছে পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতা রাজস্ব তহবিল থেকে দেওয়া, কাউন্সিলরদের সম্মান ও পদমর্যাদা নির্ধারণ, কাউন্সিলরদের মধ্য থেকে দরপত্র কমিটির সভাপতি নিয়োগ, পৌর পরিষদের সিদ্ধান্ত ছাড়া দেশি-বিদেশি প্রকল্প, কর্মচারী নিয়োগ, দরপত্র আহ্বান ও হাটবাজারে খাস আদায় না করা, কাউন্সিলরদের যেকোনো প্রকল্প ওয়ার্ডে নেওয়ার অধিকার দেওয়া, ওয়ার্ডভিত্তিক কাউন্সিলরদের তদারকি ও প্রত্যয়নপত্র দেওয়ার বিধান চালু, পৌর কাউন্সিলরদের মন্ত্রণালয় থেকে প্রত্যয়নপত্র প্রদান, দেশ-বিদেশে মেয়রদের মতো প্রশিক্ষণের ব্যবস্থা এবং পৌর নির্বাচনপদ্ধতির পরিবর্তন।
এসব দাবি আদায়ের লক্ষ্যে গতকাল সকালে ঝিনাইদহ জেলা শহরের পোস্ট অফিস মোড়ে মানববন্ধন হয়। এতে ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম একাত্মতা ঘোষণা করে বক্তৃতা করেন। অন্যদের মধ্যে আরও বক্তৃতা করেন বাংলাদেশ কাউন্সিলর অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি আবদুর রাজ্জাক প্রমুখ।
বেলা ১১টার দিকে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার কাউন্সিলররা পৌর ভবনের সামনে যশোর-খুলনা মহাসড়কে মানববন্ধন করেন। এ সময় বক্তব্য দেন কাউন্সিলর আবদুল গফ্ফার বিশ্বাস, শেখ আবদুল ওয়াদুদ, মো. জাকির হোসেন, বখশিয়ার রহমান, মিজানুর রহমান প্রমুখ। এরপর তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন। বেলা সাড়ে ১১টা থেকে রাজবাড়ী পৌরসভার সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়। এ সময় অন্যদের মধ্যে অ্যাসোসিয়েশনের জেলা শাখার আহ্বায়ক এ এফ এম শাহজাহান, সদস্যসচিব নির্মল কৃষ্ণ চক্রবর্তী প্রমুখ বক্তব্য দেন।
চুয়াডাঙ্গা পৌর ভবনের সামনে সমাবেশ ও মানববন্ধন করা হয়। বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন চুয়াডাঙ্গা জেলা শাখা গতকাল সোমবার বেলা ১১টায় এই কর্মসূচির আয়োজন করে।
সমাবেশে পৌর কাউন্সিলররা বলেন, পৌরসভার নিজস্ব তহবিল থেকে কাউন্সিলরদের মাসিক সম্মানী হিসেবে ক, খ ও গ শ্রেণি অনুযায়ী যথাক্রমে ৬ হাজার, ৫ হাজার এবং ৪ হাজার টাকা করে দেওয়া হয়। ১০ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় নতুন করে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্মানী নির্ধারণ করে। নতুন নিয়ম অনুযায়ী জেলা পরিষদের সদস্যদের ৩৫ হাজার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানদের ২৭ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়। কিন্তু তাঁদের বেতন হয় শ্রেণি অনুযায়ী যথাক্রমে ৮, ৭ ও ৬ হাজার টাকা করা হয়েছে। যা খুব দুঃখজনক।
অ্যাসোসিয়েশনের খুলনা বিভাগীয় সভাপতি সিরাজুল ইসলাম এ সময় বলেন, ‘পৌর কাউন্সিলরদের পদটি অনেক সম্মানের। কিন্তু সম্মানী-ভাতার নামে আমাদের যা দেওয়া হয় তা অসম্মানজনক ও অপমানকর। বেতন-ভাতার দিক দিয়ে এখন আমরা আনসারের নিচে, দফাদারের ওপরে। এই অবস্থার নিরসন চাই।’
[প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন ঝিনাইদহের নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ও কুষ্টিয়ার আঞ্চলিক কার্যালয় এবং চুয়াডাঙ্গা, যশোর ও গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি]