ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের সম্মানী ভাতা বাড়ানোসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম (বিইউপিএফ)। এই দাবিতে গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে সংগঠনটি।
মানববন্ধনে ফোরামের সভাপতি মাহবুবুর রহমান বলেন, শিগগির দাবি না মানা হলে সচিবালয় ঘেরাও করা হবে। সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে কবে এই কর্মসূচি পালন করা হবে তা বলেননি তিনি।
মানববন্ধনে আরও বক্তব্য দেন ফোরামের মহাসচিব এম মোর্শেদ আলমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
ফোরামের আট দফা দাবির মধ্যে আরও রয়েছে ইউপি চেয়ারম্যানদের সম্মানজনক মর্যাদা দিয়ে ওয়ারেন্ট অব প্রিসিডেন্সে অন্তর্ভুক্ত করা, টিআর, কাবিখা, এডিপি ও ভূমি হস্তান্তর করের এক শতাংশসহ সব ধরনের বরাদ্দ সরাসরি ইউনিয়ন পরিষদকে প্রদানের ব্যবস্থা করা এবং ইউনিয়ন পরিষদের স্থানীয় আয় উপজেলা পরিষদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া বন্ধ করা।