সম্মানের ভোজ
নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় ভিক্ষাবৃত্তি ছেড়ে সম্মানজনক জীবনে ফিরে আসা ৯১৬ ব্যক্তির জন্য এক প্রীতিভোজের আয়োজন করে নীলসাগর গ্রুপ। গতকাল সোমবার দুপুরে এসব ব্যক্তির সম্মানে কিশোরগঞ্জ উপজেলা সদরে অবস্থিত নীলসাগর গ্রুপের অনুভব ফাউন্ডেশন কার্যালয় চত্বরে প্রীতিভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদের বিরোধী দলীয় হুইপ শওকত চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিদ্দিকুর রহমান, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিব, উপজেলা চেয়ারম্যান রশিদুল ইসলাম।
ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়া আমন্ত্রিত অতিথিদের রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করা হয়। পড়ে তাঁদের পোলাও, মাংস, ডিম, ডাল, টিকিয়া, দই, মিষ্টি ও কোমলপানীয় সহযোগে আপ্যায়িত করা হয়। দাওয়াত খেয়ে বের হচ্ছিলেন ওই উপজেলার রণচণ্ডী ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের ফজলুর রহমান (৭০)। এ সময় তিনি বলেন, ‘আজকে মনে হচ্ছে আমরাও মানুষ। এর আগে ভিক্ষা করে সংসার চালাতাম। মানুষ বাড়িতে লোকজনকে দাওয়াত খাওয়ানোর পর যেগুলো বাঁচতো সেগুলো আমাদের দিত। ভিক্ষাবৃত্তি ছাড়ায় আজকে আমাদের সম্মান করে খাওয়াল। জোর করে ভাত-তরকারি দিল, এমন খাবার এত সম্মানের সঙ্গে আমি এর আগে কখনো খাই নাই।’
ইউএনও সিদ্দিকুর রহমান বলেন, গত বছর কিশোরগঞ্জ উপজেলাকে আনুষ্ঠানিকভাবে ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়। তখন ৯১৬ জন ভিক্ষুককে তালিকাভুক্ত করে বিভিন্ন কর্মসংস্থানমূলক কাজ ও সরকারি বিভিন্ন ভাতার আওতায় আনা হয়। নীলসাগর গ্রুপ তাঁদের দাওয়াত দিয়ে সম্মানিত করেছে।
নীলসাগর গ্রুপের চেয়ারম্যান আহসান হাবিব বলেন, যাঁরা অসম্মানের ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়েছেন, তাঁদের সম্মানে আজকের এ আয়োজন।