সম্মানের শিক্ষার্থীদের তাড়ানোর চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার ঈদ সামনে রেখে রাজশাহীর ক্যাথলিক ডায়াসিসের অন্তর্গত খ্রিষ্টান কলেজ ছাত্রাবাস থেকে আদিবাসী সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের নামিয়ে দেওয়া হচ্ছে। এর আগে গত ডিসেম্বর মাসে বড়দিন সামনে রেখে ছাত্রাবাসের ৫৬ জন শিক্ষার্থীকে বের করে দেওয়ার চেষ্টা করা হয়। তখন তাঁরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
এবার গত ৩০ জুন থেকে মাহে রমজানের ছুটি হয়েছে। এই সুযোগে কর্তৃপক্ষ ও বিশপ প্রশাসন ছাত্রদের ছাত্রাবাস থেকে বের করে দেওয়ার জন্য আগের মতোই তোড়জোড় শুরু করে। গতকাল শুক্রবার বেলা ১২ টার দিকে কর্তৃপক্ষ ছাত্রদের বের করে দেওয়ার জন্য নগরের রাজপাড়া থানার পুলিশ ডেকে আনে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে আসা খ্রিষ্টান ধর্মাবলম্বী আদিবাসী ছাত্রদের একমাত্র ভরসা উত্তরবঙ্গের এই ঐতিহ্যবাহী ছাত্রাবাসটি। এটি রাজশাহী নগরের মহিষবাথান এলাকায় অবস্থিত। সাড়ে চার বছর ধরে কর্তৃপক্ষ ছাত্রাবাসটি বন্ধ করে অন্য প্রকল্প করার জন্য ষড়যন্ত্র করছে।
এর অংশ হিসেবে গত জানুয়ারি মাসে কর্তৃপক্ষ ছাত্রাবাসের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তখন থেকেই তাঁদের ছাত্রাবাসে রান্না-খাওয়ার ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। থালাবাসন সরিয়ে ফেলা হয়েছে। এতে করে তাঁরা মানবেতর অবস্থার শিকার হয়েছেন।
ছাত্রাবাসের ছাত্র সমন্বয়কারী সমর মাইকেল সরেন বলেন, ছাত্রাবাসের গঠনতন্ত্রে রয়েছে রাজশাহীর বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয় ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত খ্রিষ্টান ও আদিবাসী সম্প্রদায়ের ছাত্রদের আবাসিক ব্যবস্থাসহ অবস্থানকারীদের নৈতিক, আধ্যাত্মিক নেতৃত্ব গঠন করাই এর উদ্দেশ্য। অথচ তারা বলছে, উচ্চমাধ্যমিক ছাড়া অন্যদের তারা রাখবে না। তাঁদের সঙ্গে উচ্চমাধ্যমিকের ছাত্ররাও রয়েছে। এখন সবাইকেই বের করে দেওয়া হচ্ছে। তাঁরা আশঙ্কা করছেন, কর্তৃপক্ষ ছাত্রাবাস বাদ দিয়ে সেখানে অন্য কোনো প্রকল্প করবে। তিনি বলেন, এখনো এই ছাত্রাবাসে ৫০ জন শিক্ষার্থীর ভর্তির সুযোগ রয়েছে।
গত ১৬ ডিসেম্বর ছাত্রাবাস ছাড়ার জন্য শিক্ষার্থীদের চূড়ান্ত নোটিশ দেওয়া হয়। সে সময় শিক্ষার্থীরা রাজশাহী জেলা প্রশাসককে একটি স্মারকলিপি দিলে তিনি বিদ্যুৎ-সংযোগ পুনঃস্থাপন ও ডাইনিং চালুর নির্দেশনা দেন। তার পরও কর্তৃপক্ষ তা করেনি।
এই অবস্থায় গত বৃহস্পতিবার দুপুরে ছাত্ররা বাইরে অবস্থানকালে ছাত্রদের টাকায় কেনা টেলিভিশনটি সরিয়ে ফেলা হয়। পরে ছাত্ররা এসে প্রতিবাদ করলে তাঁদের নামেই উল্টো থানায় অভিযোগ করা হয়।
ছাত্রদের বের করে দেওয়ার জন্য গতকাল শুক্রবার দুপুরে নগরের রাজপাড়া থানার পুলিশ ডেকে আনা হয়। খবর পেয়ে রাজশাহী সিটি করপোরেশনের স্থানীয় কাউন্সিলর কামরুজ্জামান এসে পুলিশকে বিষয়টি বুঝিয়ে দিলে পুলিশ চলে যায়। তবে পুলিশ তিন দিনের মধ্যে কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রদের একটি সমঝোতার ব্যবস্থা করতে বলে যায়।
ছাত্রদের অভিযোগ, কর্তৃপক্ষ কিছুতেই তাঁদের সঙ্গে সমঝোতায় আসছে না। তারা সম্মান পর্যায়ের অধ্যয়নরত শিক্ষার্থীদের ছাত্রাবাসে থাকতে দেবে না।
ছাত্রাবাসের চেয়ারম্যান ডেনিস সি বাস্কের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছাত্রাবাসটি আসলে উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য করা হয়েছিল। এখন যাঁরা সম্মান শ্রেণিতে পড়ছেন ছাত্রাবাস কার্যত তাঁদের দখলে চলে গেছে। এ জন্য তাঁরা ছাত্রাবাসটিকে খালি করে উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের ওঠাতে পারছেন না । এখন বড়দের সঙ্গে ছোটদের রাখলে শৃঙ্খলা নষ্ট হচ্ছে। এ জন্য তাঁরা তাঁদের বের করে দেওয়ার উদ্যোগ নিয়েছেন।