সম্মিলিত ইসলামী ও সমমনা ১১ দলের মানববন্ধন বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ কথাটি পুনর্বহালের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সম্মিলিত ইসলামী ও সমমনা ১১ দল। কর্মসূচি অনুযায়ী আগামী ২০ জুলাই বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হবে।গতকাল শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর পাশের সড়কে অনুষ্ঠিত সমাবেশে এ কর্মসূচি দেওয়া হয়। সমাবেশের আগে ও পরে বিক্ষোভ মিছিল হয়।সমাবেশে সভাপতির বক্তব্যে সমমনা ১১ দলের নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আবদুর রব ইউসুফী এ কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, যত দিন পর্যন্ত দাবি আদায় না হবে, তত দিন একের পর এক কর্মসূচি আসবে।সমাবেশে অন্য বক্তারা বলেন, সংশোধিত সংবিধানের মূলনীতি থেকে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ তুলে দিয়ে ‘ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র’ সংযোজন করা হয়েছে। তাঁরা বলেন, সংবিধানের শুরুতে রাখা ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংবিধানের অংশ নয়। সংবিধানে রাখা ‘রাষ্ট্রধর্ম ইসলামও’ সংবিধানের অংশ নয়। সরকার ইচ্ছা করলে তা যেকোনো সময় বাদ দিতে পারবে। ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করার জন্যই সরকার এই প্রতারণার আশ্রয় নিয়েছে।প্রায় দেড় ঘণ্টা ধরে এই মিছিল ও সমাবেশ চলাকালে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পূর্বে জাতীয় ক্রীড়া পরিষদ ভবন ও পশ্চিম প্রান্তে পুরানা পল্টন মোড়ে থাকা বিপুলসংখ্যক পুলিশ সমাবেশ ঘেরাও করে রাখে।