
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি। পাহাড় আর পাথরে একাকার এক সীমান্ত জনপদ। পর্যটকদের হাতছানি দেয়। সদর থেকে হাদারপাড় বাজার হয়ে বিছনাকান্দি যেতে বাঁ দিকে একটি মেঠোপথ ধরে এগোলেই ছোট্ট নদ পিয়াইন। এপারে হাদারপাড়, ওপারে লামনী গ্রাম। বিস্ময়টা ওই গ্রামেই।
নদের তীরে এক খণ্ড ফাঁকা জায়গা। চারদিকে সারি সারি গাছ। দেখলেই মনে হবে প্রকৃতির হাতে গড়া কোনো উদ্যান। না, প্রকৃতির নয়, এ উদ্যান মানুষের হাতে গড়া। গড়েছেন লামনী গ্রামের উদ্যোগী ২০ জন। প্রায় দেড় যুগ আগে তাঁরা একটি ‘কুড়ি’ (পরিত্যক্ত ডোবা) ভরাট করে চারদিকে গাছ লাগান। এসব গাছ বড় হওয়ার পর জায়গাটা রূপ নেয় উদ্যানে। আর উদ্যানটিকে এ বছর গ্রামের খেলার মাঠে রূপান্তর করা হয়। তার আগে সংবর্ধনা দেওয়া হয় উদ্যান তৈরির কাজে যুক্ত উদ্যমী সেই কুড়িজন গ্রামবাসীকে।
কয়েকটি বিল মিলে একেকটি হাওর। বিল পরিত্যক্ত হলে স্থানীয় ভাষায় তাকে বলা হয় ‘কুড়ি’। লামনী এলাকায় সে রকম কয়েকটি ‘কুড়ি’ ছিল। না বিল, না হাওর—অনাবাদি এসব প্রাকৃতিক জলাশয় কোনো কাজে লাগছিল না। সাধারণত গ্রাম এলাকায় এ রকম কোনো জায়গা থাকলে দখলে নিতে খুনোখুনি পর্যন্ত হয়। কিন্তু এখানে সে রকম কিছু ঘটেনি। তবে যা হয়েছে, তা এককথায় অসাধারণ।
কয়েকটি ‘কুড়ি’ ভরাট করতে উদ্যোগী হন গ্রামবাসী কয়েকজন। এ কাজে উদ্যম আনতে একজোট হন তাঁদের কুড়িজন। স্বেচ্ছাশ্রম দেন বছরব্যাপী। চারদিকে লাগানো হয় দ্রুত বর্ধনশীল গাছ। নানা জাতের গাছ বেড়ে উঠে পরিপূর্ণ হলে ‘কুড়ি’ ভরাট করা জায়গাটা উদ্যানে রূপ নেয়। ১৯৯৬ সালের শুরুর দিকে এ কাজ সম্পন্ন হলে গঠন করা হয় ‘লামনী প্রগতি সংঘ’ নামের একটি সামাজিক সংগঠন। ‘কুড়ি’ ভরাটের কাজে যুক্ত সেই কুড়িজনকে সংগঠনটির পক্ষ থেকে গত ২১ ফেব্রুয়ারি সংবর্ধনা দেওয়া হয়। আর উদ্যানটিকে রূপান্তর করা হয় খেলার মাঠে।
সংবর্ধনাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন: মো. ইউনুছ আলী, আবদুল ওয়াহাব, মো. আবদুস শুকুর, মো. ইয়াকুব আলী, মো. সাঈদুর রহমান, ইনতাজুর রহমান, হাফিজুর রহমান, মোশাহিদ আলী, নুরুজ্জামান, বদরুজ্জামান, জলিল হোসেন, আবদুর শুকুর, আসকর আলী, আবদুল হক, হারিছ আলী, আবদুর রউফ, নাজমুল ইসলাম, কবির আহমদ, আজির উদ্দিন ও উমর আলী। লামনী প্রগতি সংঘের বর্তমান সভাপতি আলী আকবর বলেন, এই ২০ জনকে তাঁরা সম্মান জানাতে সংগঠনের উপদেষ্টার পদে রেখেছেন। তাঁদের দিকনির্দেশনায় লামনী প্রগতি সংঘ পরিচালিত হচ্ছে।
সম্মিলিত উদ্যমের ফসল সেই উদ্যানটি সম্প্রতি সরেজমিন পরিদর্শনে যাই। লামনী থেকে বেরোতে গেলে পিয়াইন পাড়ি দিতে হয়। বর্ষাকালে নৌকায় পারাপার সহজ হলেও শুকনোর সময় পড়তে হয় বিড়ম্বনায়। নদের নাব্যতা কমে তখন হাঁটুজল থাকে। নৌকা চলে না বলে পারাপারে সইতে হয় ভোগান্তি। গ্রামবাসীর চাওয়া ছিল একটি সেতু। দাবি জানিয়েও কাজ হচ্ছিল না। তাই উদ্যোগী হয়ে নিজেদের টাকায় পিয়াইন নদের ওপর নির্মাণ করেছেন একটি সেতু। এটি পেরিয়েই যেতে হয় উদ্যানে।
প্রায় চার একর জায়গা। একদিকে পিয়াইন নদ, বাকি তিনদিকে জনবসতি ও হাওর। মাঝখানে প্রায় এক-তৃতীয়াংশ জায়গা ফাঁকা রেখে চারদিকে রোপণ করা হয়েছে গাছগাছালি। সব কটি পরিপক্ব হয়েছে। প্রবেশমুখে একটি ফলক তৈরি করে ‘লামনী প্রগতি সংঘ খেলার মাঠ’ হিসেবে উদ্যানটিকে চিহ্নিত করা হয়েছে। পশ্চিম দিকের এক কোণে বসার জন্য পাকা করা কয়েকটি বেঞ্চ। স্থায়ী মঞ্চও রয়েছে। সেখানে যাওয়ার পথের দু-ধারে শতাধিক গাছ। উদ্যানের চারদিকে রয়েছে আরও দুই শতাধিক গাছ।
উদ্যান ঘুরে দেখার সময় কথা হয় সেই কুড়িজন উদ্যোক্তার একজন মো. ইউনুছ আলীর সঙ্গে। ১৯৯৬ সালে উদ্যান গড়ার সময় সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। এখন উপদেষ্টা পদে রয়েছেন। ইউনুছ জানালেন, ‘কুড়ির’ আশপাশে জুয়ার আসর বসত। মাদকসেবীদের আনাগোনাও ছিল। এই অবস্থা দেখে প্রথমত জুয়াড়ি ও মাদকসেবীদের বিরুদ্ধে গ্রামবাসী এককাট্টা হন। দেখা গেল, এরা (জুয়াড়ি ও মাদকসেবী) আশপাশের গ্রামেরই। তাদেরকে মারধর করলে বরং নিজেদের ওপর আঘাত আসবে। তার চেয়ে যে জায়গা ঘিরে তাদের আনাগোনা, সেটা পরিবর্তন করে ফেললে অবস্থার পরিবর্তন হবে।
ইউনুছ আরও বলেন, ‘আমরা উদ্যোগী হয়েছিলাম বলে একসঙ্গে দুটো কাজ হলো। গ্রাম এলাকায় বৃক্ষরোপণ করে উদ্যান সৃষ্টির একটি নজির হলো। আবার গ্রামের ছেলেদের খেলাধুলার জন্য জায়গাও হলো।’
উদ্যান তৈরির কাজে যুক্ত উদ্যমী ২০ ব্যক্তিকে সংবর্ধিত করার অনুষ্ঠানে অতিথি হয়ে লামনী গ্রামে গিয়েছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাকিম চৌধুরী। উদ্যানের উদ্যোগকে ‘অসাধারণ’ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এ রকম কুড়ি নিয়ে গ্রাম এলাকায় রক্তারক্তি কাণ্ড ঘটে। লামনীর মানুষেরা এ উদ্যান করে সত্যিকার অর্থেই গ্রামটিকে প্রগতির দিকে নিয়ে গেছেন। তাঁরা খেলার মাঠ হিসেবে উদ্যানটির স্বীকৃতির দাবি জানিয়েছেন। আমি তাঁদের দাবির প্রতি আন্তরিক।’
উদ্যানটি গড়ায় গ্রামবাসীকে অভিনন্দিত করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহ উদ্দিন। খেলার মাঠের স্বীকৃতির দাবি প্রসঙ্গে তিনি বলেন, কোনো গ্রামের জন্য আলাদাভাবে খেলার মাঠের স্বীকৃতি দেওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া। গ্রামবাসী যেহেতু উদ্যোগী হয়ে এ কাজ করেছেন, তাঁরা ঐক্যবদ্ধ থাকলে এটি তাঁদের মতো করে ব্যবহারে প্রশাসনের কোনো আপত্তি থাকবে না।