সম্মিলিত চেষ্টায় মাদক দূর
তিনটি গ্রামের ৬০টি কারখানায় তৈরি হতো চোলাই মদ। মদের উৎকট গন্ধে এলাকায় থাকা দায় ছিল। গ্রামের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও এতে আসক্ত হতে শুরু করে। এ ছাড়া এলাকায় মাদকসেবীদের উৎপাত আর মোটরসাইকেলে লোকজনের আনাগোনায় অতিষ্ঠ হয়ে পড়ে গ্রামবাসী।
পুলিশকে জানালেও এর প্রতিকার হয়নি। পরে গ্রামবাসীর সম্মিলিত প্রচেষ্টায় মাদকমুক্ত হয় নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের খামারপাথুরিয়া, পমপাথুরিয়া ও বৃ-পাথুরিয়া গ্রাম।
ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুর রাজ্জাক জানান, ২৫ সেপ্টেম্বর থেকে তিনিসহ এলাকার কয়েকজন গ্রামে ঘুরে মাদকের ভয়াবহতা নিয়ে লোকজনকে বোঝানো শুরু করেন। ১ অক্টোবর খামারপাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সর্বদলীয় মাদকবিরোধী সভা আহ্বান করা হয়। তিনটি গ্রামের কয়েক হাজার মানুষ ওই সভায় সমবেত হয়। সেখানেই গঠন করা হয় ‘মাদক প্রতিরোধ কমিটি’। পরে সর্বসম্মতিক্রমে আবদুল জলিলকে সভাপতি, নজরুল ইসলাম ওরফে মন্টুকে সাধারণ সম্পাদক ও মশিউর রহমানকে সমাজসেবা সম্পাদক করে ৪২ সদস্যবিশিষ্ট মাদক প্রতিরোধ কমিটি গঠন করা হয়।
সাধারণ সম্পাদক নজরুল ইসলাম জানান, কমিটি গঠনের পর থেকে গ্রামের মানুষের সহায়তায় প্রথমে চোলাই মদ তৈরির সঙ্গে জড়িত ব্যক্তিদের সঙ্গে বৈঠক হয়। মাদক সেবন করতে আসা ব্যক্তিদেরও প্রতিহত করা হয়। দুই মাসের প্রচেষ্টায় সফলতা আসতে থাকে। এই সময়ে ধীরে ধীরে বন্ধ হতে থাকে মদ তৈরির কারাখানা। আরও এক মাস পর্যবেক্ষণের পর গত ২০ ডিসেম্বর মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগে খামারপাথুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আবারও সভা আহ্বান করা হয়। স্থানীয় বাসিন্দা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মাদক প্রতিরোধ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সমাজসেবা সম্পাদক, খামারপাথুরিয়া মাদ্রাসার অধ্যক্ষ মো. শিহাব উদ্দিন, মসজিদের ইমাম আব্দুস সালাম, স্কুলশিক্ষক আবেদ আলী, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক প্রমুখ।
চাপিলা ইউপি চেয়ারম্যান মো. সামসুল হক মোল্লা বলেন, ওই গ্রামগুলোতে শতাধিক আদিবাসী বসবাস করেন। মূলত তাঁদের প্রয়োজনেই স্বল্প পরিসরে চোলাই মদ তৈরি হতো। পরে কয়েকজন গ্রামবাসী বাণিজ্যিকভাবে মদ তৈরির কারখানা গড়ে তোলেন। এতে মাদকের বিস্তার ঘটে। তবে মাদক প্রতিরোধ কমিটি অসাধ্য সাধন করেছে। এখন এই তিন গ্রামের কোথাও মদ তৈরির কারখানা নেই। নেই মাদকসেবীদের আনাগোনাও। শিক্ষার্থীরাও এই মাদকের হাত থেকে রক্ষা পেয়েছে।
বৃ-পাথুরিয়া গ্রামের আদিবাসী কালীচরণ সিংহ বলেন, এখন গ্রামের কোথাও মদ তৈরির কারখানা নেই।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) ইব্রাহিম হোসেন বলেন, জনবল সংকটের কারণে সময়মতো অভিযান পরিচালনা করা সম্ভব হয়নি। তবে মাদক প্রতিরোধ কমিটি এলাকায় সফলতা এনে দিয়েছে।