পাবনার উন্নয়নে কিছু কাজ করাতে হবে সরকারের উচ্চপর্যায় থেকে। কিছু সমস্যার সমাধান করতে পারে জেলা ও পৌর প্রশাসন। কিছু দায়িত্ব নিতে হবে নাগরিকদের নিজেদেরও। আত্মসচেতনতার মধ্য দিয়ে সম্মিলিত প্রয়াসে একটি মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব। আর এ কাজে প্রথম আলোর সহায়তার প্রত্যাশা করেছেন পাবনাবাসী।
পাবনা শহরের সমস্যা এবং তা থেকে উত্তরণের উপায় খুঁজতে গতকাল মঙ্গলবার প্রথম আলো সারা দিন শহরটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের মুখোমুখি হয়েছিল। গোলটেবিল বৈঠক ও মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা এ মতামত দিয়েছেন।
যানজট, মাদক, জলাবদ্ধতা, নদ-নদী দখল, স্বাস্থ্য, শিক্ষা, শিল্প, বিনোদন, ইতিহাস-ঐতিহ্য থেকে পরিবেশ বিপর্যয় এমনকি বিলের শামুক নিধন পর্যন্ত উঠে এসেছে দুই পর্বের এই আলোচনায়। আলোচনায় অংশগ্রহণকারীরা বলেছেন, তাঁরা প্রত্যাশা করেন, প্রথম আলো পাবনার সব সংকট ও সম্ভাবনা তুলে ধরবে এবং জনগণকে উদ্যমী করে তুলতে প্রেরণা দেবে, তাদের পাশে থাকবে।
‘পরিবর্তনের ধারায় আগামীর পথে একসঙ্গে আপনাদের পাশে’ আহ্বান নিয়ে প্রথম আলো পাবনাবাসীর মুখোমুখি হয়েছিল স্থানীয় অন্নদা গোবিন্দ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে। সকাল ১০টায় শুরু হয় গোলটেবিল বৈঠক। বন্ধুসভার সদস্যরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন। ‘আমি বাংলার গান গাই’ গেয়ে শোনান শিল্পী মাহমুদুজ্জামান বাবু। তারপর আলোচনার পালা।
সূচনা ভাষ্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘পাবনার সমস্যা ও সম্ভাবনার কথা আমরা জানতে এসেছি। আপনাদের কথা নীতিনির্ধারকদের কাছে পৌঁছে দেওয়া হবে প্রথম আলোর মাধ্যমে। অনলাইনে তা পৌঁছে যাবে বিশ্বের বিভিন্ন প্রান্তে ২১০টি দেশে অবস্থানকারী বাংলাদেশিদের কাছে।’ তিনি বলেন, ‘আমরা একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, প্রগতিশীল, মানবিক সমাজ ও রাষ্ট্রের পক্ষে। সেই লক্ষ্যে সবাইকে নিয়েই প্রথম আলো এগিয়ে যেতে চায়।’
গোলটেবিল আলোচনায় পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ রিয়াজুল হক কলেজের সমস্যার কথা তুলে ধরে বলেন, ২০০৮ সালে পাবনা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হলেও এর সঙ্গে কোনো হাসপাতাল নেই। কলেজটি খুবই সমস্যার মধ্য দিয়ে চলছে।
জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম জেলার ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বলেন, মাদক ও যানজট শহরের প্রধান সমস্যা। পুলিশকে বলেছি মাদক ব্যবসায় জড়িত রুই-কাতলাদের ধরতে। সরকার তো চার্জশিট দেয় না, দেয় পুলিশ। তারা কেমন চার্জশিট দেয় যে আসামি কয়েক দিনের মধ্যেই জামিনে বেরিয়ে আসে?’
জেলা পুলিশ সুপার আলমগীর কবীর বলেন, উন্নয়নের সঙ্গে আইনশৃঙ্খলার গভীর সংযোগ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কমিউনিটি পুলিশের ব্যবস্থা করা হয়েছে। ছয় শতাধিক মাদক ব্যবসায়ীর তালিকা করা হয়েছে। ব্যাপক অভিযান চলছে। তালিকা ধরে গ্রেপ্তার করা হচ্ছে। শহরের যানজট প্রসঙ্গে তিনি বলেন, ইজিবাইকগুলো যানজটের প্রধান কারণ। কিন্তু এগুলো মোটরযানের আওতাভুক্ত নয়। ফলে আইনগত ব্যবস্থা নেওয়া যায় না। তিনি এগুলোকে বিআরটিএর আওতায় আনার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ব্যবসা-বাণিজ্য সম্পর্কে পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ সহসভাপতি মাহাবুব উল আলম বলেন, ঐতিহ্যবাহী হোসিয়ারিশিল্প প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল। ইদানীং ভারতে গেঞ্জি রপ্তানির সুযোগ সৃষ্টি হওয়ায় এই শিল্পে সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কাঁচামাল হিসেবে পোশাকশিল্পের ‘ঝুট’ কম মূল্যে সরবরাহের ব্যবস্থা করলে হোসিয়ারিশিল্প আবার বিকশিত হবে।
নারী উদ্যোক্তা ও ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন বলেন, দেশের বিভিন্ন জেলায় অনেক সফল নারী উদ্যোক্তা রয়েছেন, যাঁরা নানা প্রতিকূলতা অতিক্রম করে সাফল্য অর্জন করেছেন। তাঁদের সাফল্য ও সংকটের কথা প্রথম আলোয় তুলে ধরলে নারী উদ্যোক্তারা অনুপ্রাণিত হবেন।
মুক্তিযোদ্ধা ও পাবনা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তুলে ধরেন শহরের জলাবদ্ধতা ও ইছামতী নদী ভরাটের প্রসঙ্গ। তিনি বলেন, নর্দমা ভরাট হয়ে গেছে। কোনো গণশৌচাগার নেই। তিনি নর্দমাগুলো ঢেকে দেওয়ার পরামর্শ দেন।
এডওয়ার্ড কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান মাহমুদা পারভিন বলেন, ইছামতী নদীকে সংস্কার করে শহরের পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধন করা যায়। এখানে বিনোদনের সুযোগ তৈরি করা যায়।
পাবনা পৌরসভার প্যানেল মেয়র তমা ইসলাম বলেন, প্রায় সবাই গেরস্থালি আবর্জনা এনে বাড়ির সামনের নর্দমায় ফেলে। ইছামতীতে আবর্জনা না ফেলতে ঘাটে নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কেউ ভ্রুক্ষেপ করে না। শহর পরিষ্কার রাখাতে নিজেদের সচেতন হতে হবে। নিচু জায়গা ভরাট করে বাড়ি করা হয়েছে। ফলে বৃষ্টির পানি নামতে পারছে না। এবার বৃষ্টিও হয়েছে বেশি। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
পৌরসভার সচিব সাঈদুল ইসলাম বলেন, নর্দমা ঢেকে দেওয়ার মতো প্রয়োজনীয় অর্থ পৌরসভার নেই। ইছামতী নদীর সিএস, আরএস খতিয়ান দেখে দখলমুক্ত করা কঠিন। এ ব্যাপারে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্ত প্রয়োজন। তা না হলে নদীটিকে রক্ষা করা যাবে না। কিছুদিন পরে এটি সরু নর্দমায় পরিণত হবে।
পাবনা জেলা স্কুলের প্রধান শিক্ষক সুশান্ত কুমার দেব বলেন, শহরে মাধ্যমিক পর্যায়ে ভালো স্কুলের সংকট রয়েছে। অভিভাবকেরা প্রাথমিকের শিক্ষার্থীদের যেভাবে দেখভাল করেন, মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্ষেত্রে তা কমে যায়। ফলে দেখা গেছে, নবম-দশম শ্রেণিতে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতির হার কমে শতকরা মাত্র ২০ জনে নেমে গেছে। এই শিক্ষার্থীরা স্কুল পালিয়ে আড্ডা দেয়, অনেকে মাদকাসক্তও হয়ে পড়ে।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সালমা খাতুন বলেন, ‘পাবনায় তরুণ প্রজন্মের মাদকাসক্তি অত্যন্ত উদ্বেগজনক। মাদক নিয়ন্ত্রণে প্রশাসনের আন্তরিকতা আছে। তবে বড় ব্যবসায়ীদের আমরা ধরতে পারিনি। অভিযানে বেশির ভাগ ক্ষেত্রে মাদকসেবী ও খুচরা বিক্রেতারা ধরা পড়ে। মাদক নিয়ন্ত্রণে আমরা অভিভাবক সমাবেশ, মা সমাবেশসহ বিভিন্ন ধরনের সামাজিক সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছি।’
সূচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রাম দুলাল ভৌমিক বলেন, অনেক আন্দোলনের পর সূচিত্রা সেনের বাড়িটি উদ্ধার করা হলেও এখানে মহানায়িকার নামে যে আর্কাইভ গড়ে তোলার কথা ছিল, তা আর এগোয়নি। তিনি এই আর্কাইভসহ পাবনায় কৃষিপণ্য গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
মহিলা পরিষদের সাধারণ সম্পাদক কামরুন্নাহার জলি বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করতে গিয়ে তাঁদের অনেক সময় প্রভাবশালী মহলের চাপের মধ্যে পড়তে হয়। নির্যাতনের মামলাগুলোতে আপস-মীমাংসা করতে হয়।
মুক্ত আলোচনা: মুক্ত আলোচনা শুরু হয় বিকেল সাড়ে চারটায়। এ পর্বে মঞ্চে আলোচনায় অংশ নেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আল-নকীব চৌধুরী। তিনি বলেন, পাবনা এখন শিক্ষা শহর। এখান থেকে শিক্ষিত জনগোষ্ঠী তৈরি হওয়ার সুযোগ আছে।
আলোচনায় আরও অংশ নেন এডওয়ার্ড কলেজের সাবেক উপাধ্যক্ষ শাহনাজ সালাম, বাংলা বিভাগের সাবেক প্রধান মনোয়ার হোসেন জাহেদী।
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান আলোচনার সূচনা করেন এবং প্রশ্নের উত্তর দেন। এ সময় প্রথম আলোর দুটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।
আলোচনা ও প্রশ্নোত্তর পর্বে পাবনায় খেলার মাঠ করা, শিশুপার্ক নির্মাণ, ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষা, চলনবিল, জয়সাগর এলাকার সমস্যা, নদী দখল, শামুক নিধনসহ বিভিন্ন প্রসঙ্গ উঠে আসে। আলোচকেরা এই আয়োজনের জন্য প্রথম আলোকে ধন্যবাদ জানান।
পাবনা মানসিক হাসপাতালের চিকিৎসক জুবায়ের মিয়া, অধ্যাপক এ কে এম শওকত আলী খান, কৃষিবিদ জাফর সাদেক, সেলিনা খন্দকার, সৈয়দা জোহরা আক্তার, বায়েজিদ বোস্তামি, শামসুন্নাহার, ফারুক হোসেন চৌধুরী, অঞ্জন ভট্টাচার্য, মিজানুর রহমান, এনামুল হক, জামাল উদ্দিন প্রমুখ মুক্ত আলোচনায় অংশ নেন। সঞ্চালনা করেন বন্ধুসভার উপদেষ্টা স্বাধীন মজুমদার। শিল্পী মাহামুদুজ্জামান বাবুর গান দিয়ে এই পর্ব শুরু হয়েছিল, তাঁর গানে গানেই শেষ হয় দিনভর অনুষ্ঠিত এই আয়োজন।
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়: সন্ধ্যায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান পাবনা প্রেসক্লাবে বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন আনোয়ারুল হক, শিবজিদ নাগ, এ বি এম ফজলুর রহমান, উৎপল মির্জা, ফারুক হোসেন চৌধুরী, সৈকত আফরোজ রিজভী জয় প্রমুখ।