সম্মিলিত চেষ্টায় সন্ত্রাসমুক্ত দেশ গড়তে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ সেমিনারে যোগ দিয়ে বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সন্ত্রাস ও সহিংসতা রাজনীতির পথ হতে পারে না। এতে মানুষের জীবনহানি হয়। দেশ পিছিয়ে পড়ে। তাই দেশ থেকে সন্ত্রাস ও সহিংসতা রোধের জন্য প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। আজ দরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত দেশ গড়া। এই লক্ষ্যে আমাদের দুদেশকেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের মোকাবিলা করতে হবে।
আসাদুজ্জামান নূর আরও বলেন, ‘আমি আশাবাদী অচিরেই ভারতের সঙ্গে আমাদের তিস্তা পানি বণ্টন চুক্তি সম্পাদিত হবে। এই চুক্তি হলে আমাদের দেশের কৈবর্তরাও ফিরে পাবে নতুন জীবন।’ মন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী মাসে বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে বলেন, এই সফর আমাদের দুদেশের মৈত্রীবন্ধনকে আরও দৃঢ় করবে। বাংলাদেশ দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় বইমেলা চত্বরের এসবিআই মিলনায়তনে আয়োজন করা হয় একটি বিশেষ সেমিনারের। সেমিনারের বিষয়বস্তু ‘বাংলাদেশের কথাসাহিত্যে কৈবর্ত জীবনসংগ্রাম’। মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক হরিশংকর জলদাস। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতিসচিব রণজিৎ কুমার দাস। সভাপতিত্ব করবেন বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার জকি আহাদ। মূল প্রবন্ধকার হরিশংকর জলদাস তাঁর প্রবন্ধে বলেন, কৈবর্তরা এখনো পশ্চাৎপদ সম্প্রদায়। এদের উন্নয়নের জন্য আমাদের নতুন করে ভাবতে হবে। সভাপতির ভাষণে আনিসুজ্জামান কৈবর্তদের জীবন নিয়ে অধ্যাপক হরিশংকর জলদাসের প্রবন্ধের প্রশংসা করে বলেন, আমাদের দেশের পিছিয়ে পড়া এই কৈবর্ত সম্প্রদায়কে নতুন করে জীবনের পথ দেখাতে হবে।
প্রসঙ্গত, এবারের বইমেলায় বাংলাদেশ থেকে যোগ দিয়েছে ৩২টি প্রকাশনা সংস্থা। এর মধ্যে পাঁচটি সরকারি। এবার সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে তৈরি করা হচ্ছে বাংলাদেশ প্যাভিলিয়ন। এটি গড়া হচ্ছে নাটোরের ঐতিহাসিক ‘উত্তরা গণভবন’-এর আদলে।