সম্মিলিত চেষ্টায় সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় সড়ক দুর্ঘটনা কমাতে গতকাল বৃহস্পতিবার আলোচনা সভা ও শোভাযাত্রা করা হয়েছে। আলোচনা সভায় একাধিক বক্তা বলেন, সরকারের পাশাপাশি সাধারণ জনগণ সম্মিলিতভাবে এগিয়ে এলে সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব।

খুলনা বিভাগীয় জাদুঘর মিলনায়তনে জেলা প্রশাসনের সহায়তায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটি (বিআরটিএ) খুলনা সার্কেল এ আলোচনা সভার আয়োজন করে। এবারের স্লোগান ছিল ‘চালালে গাড়ি সাবধানে, বাঁচবে সবাই প্রাণে’। এরপর নগরের ফেরিঘাট মোড় থেকে শোভাযাত্রা বের হয়ে পাওয়ার হাউস ও শিববাড়ি মোড় হয়ে বিভাগীয় জাদুঘরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, পরিবহন শ্রমিকসহ অনেকে অংশ নেন।

এরপর সড়ক দুর্ঘটনা কমাতে জনসচেতনতা বাড়ানো-বিষয়ক আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা বিষয়ে সচেতনতা বাড়াতে সব মহলকে এগিয়ে আসতে হবে। সভায় বক্তারা ট্রাফিক আইন মেনে চলা, গাড়ি চালানোর সময় মুঠোফোনে কথা না বলা, ১৮ বছরের কম বয়সীদের গাড়ি চালাতে না দেওয়া, একটানা ৮ ঘণ্টার বেশি গাড়ি না চালানো এবং চালককে জোরে গাড়ি চালাতে উৎসাহিত না করার জন্য সবাইকে অনুরোধ করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-এ-আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-২ আসনের সাংসদ মুহাম্মদ মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দীন, বিআরটিএ খুলনা বিভাগের উপপরিচালক মো. জিয়াউর রহমান প্রমুখ।