সম্মিলিত প্রচেষ্টায় গণতন্ত্র অব্যাহত রাখার আহ্বান রাষ্ট্রপতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, জনগণের মৌলিক অধিকার ও আত্মমর্যাদা সমুন্নত রাখা এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে অবশ্যই অব্যাহত রাখতে হবে।গতকাল বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে স্টামফোর্ড ইউনিভার্সিটির দ্বিতীয় সমাবর্তনে সভাপতিত্বকালে রাষ্ট্রপতি এ কথা বলেন। তিনি বলেন, কেবল গণতন্ত্রই জনগণের আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণ করতে পারে। তিনি বলেন, দেশে গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে এবং এ দেশের মানুষ গণতন্ত্র পছন্দ করে ও ভালোবাসে।তিনি বলেন, দেশের স্বাধীনতা-সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে। ১৯৭৫ সালে স্বাধীনতাবিরোধী শক্তির এজেন্টদের হাতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যার পর স্বাধীনতার ইতিহাস আংশিক তুলে ধরা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে ধ্বংসও করা হয়।জিল্লুর রহমান সব বেসরকারি বিশ্ববিদ্যালয়কে মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য আসন সংরক্ষণ এবং সম্ভব হলে তাঁদের বিনা বেতনে অধ্যয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত আধুনিক ও নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। গ্র্যাজুয়েটরা যেন বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, এ লক্ষ্যে সময়োপযোগী ও আন্তর্জাতিক মানসম্মত পাঠ্যক্রম অনুসরণের জন্য সব বিশ্ববিদ্যালয়কে পরামর্শ দেন রাষ্ট্রপতি। নতুন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে তিনি দেশ-বিদেশে কর্মক্ষেত্রে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার জন্য তাঁদের প্রতি আহ্বান জানান।সমাবর্তনে বিভিন্ন বিষয়ে এক হাজার ২৭৪ শিক্ষার্থীকে আন্ডার গ্র্যাজুয়েট ও পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি দেওয়া হয়। তিনজন শিক্ষার্থী তাঁদের অনন্য সাফল্যের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন। জাতীয় অধ্যাপক মুস্তাফা নূরউল ইসলাম সমাবর্তন বক্তৃতা দেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি এম এ হান্নান ফিরোজ এবং ভাইস চ্যান্সেলর এম মুজিবুর রহমান অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাসস।