তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এবং আমরাই পারি সংগঠনের চেয়ারপারসন সুলতানা কামাল বলেছেন, ‘আমাদের পরিবারে এখনো নারীরা নির্যাতিত-অবহেলিত। কিন্তু একটি সভ্য সমাজ তথা দেশে তা হতে পারে না। আমাদের সমাজে পুরুষতান্ত্রিক মনোভাব এখনো পুরোপুরি বদলায়নি।’মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার কৈট্টা এলাকায় গতকাল সোমবার বিকেলে প্রশিকা মানব উন্নয়ন কেন্দ্রের মিলনায়তনে ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’-এর চেঞ্জ মেকারদের প্রথম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সুলতানা কামাল এসব কথা বলেন। এ সময় আমরাই পারি সংগঠনের কো-চেয়ারপারসন শাহীন আনাম ও জাতিসংঘে বাংলাদেশের কর্মকর্তা মাহতাবুল হাকিম উপস্থিত ছিলেন। সম্মেলনে ৪৫টি জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৯০ জন শিক্ষার্থী (চেঞ্জ মেকার) এবং আমরাই পারি সংগঠনের ২০ জন প্রতিনিধি অংশ নেন।সুলতানা কামাল বলেন, ‘আমাদের দেশে এখনো ৯০ শতাংশ নারী নির্যাতনের শিকার হচ্ছে। এটা কি একুশ আর একাত্তরের চেতনার নমুনা!’ তিনি বলেন, পরিবার থেকেই নারী নির্যাতন বন্ধ নিশ্চিত করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় এ পরিস্থিতির পরিবর্তন করা যেতে পারে।চেঞ্জ মেকারদের উদ্দেশে সাবেক এ উপদেষ্টা বলেন, ‘তোমাদের চিন্তা-চেতনা ও মননে সততাকে ধারণ করতে হবে। একজন সৎ নাগরিক হতে হলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দুর্নীতি রোধ করতে হবে।’ পুলিশকেও সততার সঙ্গে তাদের দায়িত্ব পালন করতে হবে। এর আগে সম্মেলনের উদ্বোধন ও চেঞ্জ মেকারদের শপথবাক্য পাঠ করান সুলতানা কামাল। চেঞ্জ মেকার গ্রুপটি সারা দেশে পারিবারিক নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক কাজ করে থাকে। তিন দিনব্যাপী এ সম্মেলন শেষ হবে ৪ জুলাই।