সম্মিলিত সাংস্কৃতিক জোট পরিণত হয়েছে একটি আন্দোলনে। নামটি ধারণ করে অনেকগুলো চেতনাকে। যে চেতনা মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আদর্শিক বাংলাদেশের কথা বলে, একই সঙ্গে গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলে।
গতকাল শনিবার সম্মিলিত সাংস্কৃতিক জোটের সম্মেলনে অংশ নেওয়া সংগঠনটির নেতারা এমন মন্তব্য করেন। ‘আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়’ স্লোগান সামনে নিয়ে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান মিলনায়তনে সম্মেলন-২০১৪ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী সম্মেলনে জোটভুক্ত ১৫৩টি সংগঠনের প্রতিনিধিরা সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন। শেষে সন্ধ্যায় ৪৫৯ কাউন্সিলরের মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হয়। জোটের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম কুদ্দুছ। সাধারণ সম্পাদকের পদে পুনর্নির্বাচিত হয়েছেন হাসান আরিফ। কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন লিয়াকত আলী, ফকির আলমগীর, সারা যাকের, মুহাম্মদ সামাদ, মান্নান হীরা, ঝুনা চৌধুরী, সালাউদ্দীন বাদল; সহসাধারণ সম্পাদক আহকামউল্লাহ।
গতকাল গণগ্রন্থাগারের উন্মুক্ত চত্বরে বেলুন উড়িয়ে সম্মেলন উদ্বোধন করেন লেখক সৈয়দ শামসুল হক। ওড়ানো হয় জাতীয় পতাকা। উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে গণগ্রন্থাগার থেকে শোভাযাত্রা নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে গিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এর আগে শওকত ওসমান মিলনায়তনে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা পর্ব।