সম্মিলিত সাংস্কৃতিক জোট বিক্ষোভ করবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোলাম আযমের বিরুদ্ধে রায়ের প্রতিক্রিয়ায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতারা বলেছেন, এই রায় তাঁদের ‘বিস্মিত, হতবাক ও ক্ষুব্ধ’ করেছে। গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে রায় ঘোষণার পর এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে তাঁরা এ প্রতিক্রিয়া জানান। রায়ের বিরুদ্ধে আজ মঙ্গলবার বিকেলে সারা দেশে জোটের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দেওয়া হয়।
ঢাকায় জোটের বিক্ষোভ সমাবেশ হবে বিকেল চারটায়। এ সমাবেশ থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ। সম্মেলনে উপস্থিত ছিলেন মফিদুল হক, গোলাম কুদ্দুছ, মুহাম্মদ সামাদ, ঝুনা চৌধুরী, মানজার চৌধুরীসহ জোটের কেন্দ্রীয় নেতারা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হাসান আরিফ। সংবাদ সম্মেলনে বলা হয়, এই রায়ে গোলাম আযমের বিরুদ্ধে আনা অভিযোগের মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে দেশে ১৯৭১ সালে গণহত্যা হয়েছিল। রাজাকার বাহিনীর প্রধান হিসেবে এই গণহত্যা, নারী নির্যাতন, অগ্নিসংযোগসহ মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের মূলে ছিলেন তিনি।