সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসব শুরু
‘যুদ্ধাপরাধীদের বিচারে ঐক্যবদ্ধ জাতি’ স্লোগান সামনে রেখে কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোটের স্বাধীনতা উৎসব। গতকাল বুধবার তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধন করেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক বেলাল মুহাম্মদ।উদ্বোধনী অনুষ্ঠানে নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘শহীদ মিনারে এসে দাঁড়াতে কুণ্ঠাবোধ করি। শহীদদের ত্যাগের বিনিময়ে আমরা যা পেয়েছিলাম, তার কিছুই ধরে রাখতে পারিনি। দেশ আজ যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ। তাদের বিচারের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনার ধারায় ফিরে যেতে হবে।’ সংগঠনের সভাপতি নাসির উদ্দীন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গোলাম কুদ্দুছ, মান্নান হীরা, ফকির আলমগীর, লায়লা হাসান, আফজাল হোসেন প্রমুখ। তিন দিনব্যাপী এ উৎসব প্রতিদিন বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে।এদিকে ২৫ মার্চ কলরাত স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘স্লোগান একাত্তর’ মূকাভিনয়ের আয়োজন করেছে। ‘গণহত্যা ৭১’ শীর্ষক এ মূকাভিনয় আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় টিএসসি চত্বরে অনুষ্ঠিত হবে।