সম্মিলিতভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এ জন্য প্রতিটি দেশকে সংশ্লিষ্ট বিষয়ে নিজস্ব গবেষণা ও তথ্য সংগ্রহ বাড়াতে হবে।গতকাল বুধবার শেষ হওয়া ‘পানি, ঢেউ ও আবহাওয়া: জলবায়ু পরিবর্তন এবং দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ’ শীর্ষক সম্মেলনের সমাপনী দিনে বক্তারা এসব কথা বলেছেন। রাজধানীর ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত তিন দিনের এই সম্মেলনে অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নদী, পানি ও আবহাওয়াসংক্রান্ত তথ্য বিনিময়ের ওপর জোর দেন। নদীর অববাহিকাভিত্তিক প্রতিষ্ঠান গড়ে তুলে এর মাধ্যমে অমীমাংসিত বিষয়ের সুরাহা করার সুপারিশ করেন তাঁরা।যুক্তরাষ্ট্র সরকারের বিদেশবিষয়ক গবেষণাকেন্দ্রের সহায়তায় আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিস (এআইবিএস) এবং ব্র্যাক ডেভেলপমেন্ট ইনসিটটিউট যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।সমাপনী অধিবেশনে মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাব বেশি পড়লেও এ অঞ্চলের দেশগুলোর মধ্যে এই নিয়ে সহযোগিতার ঘাটতি রয়েছে। অভিন্ন নদীগুলোর পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের বেশ কটি দ্বিপক্ষীয় চুক্তি হয়েছে, যার বেশির ভাগই কার্যকর হয়নি।জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানো এবং অভিন্ন নদীগুলোর পানি সঠিকভাবে কাজে লাগাতে অববাহিকাভিত্তিক ব্যবস্থাপনার ওপর জোর দেন আসিফ নজরুল। সম্প্রতি তিস্তা চুক্তি নিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের আলোচনার অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, এখন পর্যন্ত তিস্তার পানির প্রবাহ নিয়ে দুই দেশের মধ্যে তথ্য বিনিময় হয়নি। নদী নিয়ে যেকোনো আলোচনা ও চুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে আঞ্চলিক উদ্যোগের ওপর জোর দেন তিনি।নাম উল্লেখ না করে একজন আইনজীবীর উদাহরণ টেনে আসিফ নজরুল বলেন, ওই ব্রিফকেস-সর্বস্ব আইনজীবী আগে কোনো দিন পানি বিষয়ে কোনো আন্তর্জাতিক চুক্তির পরামর্শক হিসেবে কাজ করেননি। কিন্তু তাঁকে পানির বিষয়ে চুক্তির ব্যাপারে সরকারের পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অনভিজ্ঞ লোকদের দিয়ে কাজ করালে দেশের স্বার্থ কতটুকু রক্ষা করা যাবে, সেই প্রশ্ন তোলেন তিনি।এই বক্তব্যের ওপর আলোচনায় অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মোহসিন বলেন, ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলো শুকিয়ে যাচ্ছে। টিপাইমুখ বাঁধ নির্মিত হলে দেশের পূর্বাঞ্চলের নদীগুলোর ওপর নেতিবাচক প্রভাব পড়বে। নদীর ওপর অবকাঠামো নির্মাণের ফলে পরিবেশের যে ক্ষতি হচ্ছে, তা জলবায়ু পরিবর্তনের কারণে আরও বাড়বে। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোর পরিবেশগত বিপর্যয় এবং এর প্রভাব নিয়ে আরও বেশি গবেষণা হওয়া প্রয়োজন। এ জন্য এই অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে হবে।কর্নেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেলী ফেল্ডম্যান বলেন, জলবায়ু পরিবর্তনের সব ধরনের প্রভাব নিয়ে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সমন্বিত গবেষণা হওয়া প্রয়োজন। বৈজ্ঞানিক, সামাজিক, রাজনৈতিক ও আইনি দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন। স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তনের কোনো ধরনের প্রভাব পড়তে পারে, এমন বিষয়ে এবং গ্রামীণ কৃষকেরা এই পরিস্থিতির সঙ্গে কীভাবে খাপ খাওয়াবেন, সেই পরামর্শ দেওয়ার ওপর গুরুত্ব দেন তিনি। যুক্তরাষ্ট্রের সাইরাকিউস বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারহানা সুলতানা বলেন, অভিন্ন নদীগুলো নিয়ে সমস্যা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা এককভাবে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে সম্ভব নয়। এ জন্য আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন।সমাপনী বক্তৃতায় শেলী ফেল্ডম্যান বলেন, এই সম্মেলন থেকে উঠে আসা পরামর্শ ও সুপারিশগুলো দক্ষিণ এশিয়ার সরকারি ও বেসরকারি নীতিনির্ধারকদের কাছে পৌঁছাতে হবে, যাতে এ অঞ্চলের মানুষ পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করতে পারে।